চোটের পর সারা রাত কেঁদেছিলেন নেইমার
চোট থেকে সেরে উঠতে অনেক পরিশ্রম করেছেন জানিয়ে ব্রাজিলিয়ান তারকা বললেন, শিরোপা জিতলে পুষিয়ে যাবে সব কষ্ট।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান নেইমার, তার চোখে তখন চিকচিক করছিল জল। মনে বেদনার কালো মেঘের ঘনঘটা টের পাওয়া গিয়েছিল তখনই। সেই মেঘ পরে বৃষ্টি হয়ে ঝরতে থাকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রাতভর চলতে থাকে ব্রাজিলিয়ান তারকার কান্না।
সেই শঙ্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান নেইমার। তার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা ছিল আরও অনেকের। অন্তত সেমি-ফাইনাল বা ফাইনাল ছাড়া তার খেলতে নামার সম্ভাবনা খুব কম বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিনি মাঠে নেমে যান একদম শুরু থেকেই। পেনাল্টি থেকে গোলও করেন। দলের জয়ে অবদান রেখে ম্যাচের সেরা তিনিই।
এই আনন্দ আর স্বস্তির রাতে ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার ফিরে তাকান দুঃসহ যন্ত্রণার সেই রাতে। তার নিজেরও মনে হচ্ছিল, এই বিশ্বকাপে বুঝি আর মাঠে নামা হবে না।
“অবশ্যই অনেক ভয়ে ছিলাম (বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার)…। খুব ভালো খেলছিলাম আমি, ভালো একটি মৌসুম চলছে। এর মধ্যে এরকম অ্যাঙ্কেলের চোট মেনে নেওয়া খুব কঠিন। ওই রাত আমি কেঁদে কেঁদেই কাটিয়েছি, আমার পরিবার জানে।”
“তবে (ঘুরে দাঁড়ানোর) পরিকল্পনা হয় এবং সবকিছু কাজে লেগে যায়। এই লড়াইটা দারুণ ছিল। সেই রাত থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত টানা ফিজিওর সঙ্গে কাজ করি আমি। অন্যান্য দিনগুলিতে ভোর ৫টা, ৬টা পর্যন্ত কাজ চলতে থাকে প্রতিদিনই। সব কষ্ট পুষিয়ে যাবে, যদি আমরা শিরোপা জিততে পারি।”
এই দুঃসময়ে অনেক মানুষ নেইমারের পাশে দাঁড়ান। সেখান থেকে তিনি খুঁজে নেন প্রেরণার উৎস। এখন দলের জন্য নিজেকে উজাড় করে দিতে চান তিনি।
“চোট পাওয়ার ওই রাতে হাজারও কিছু আমার মাথায় খেলা করছিল-অনেক শঙ্কা, ভয়…। যেখানে কোনো আশা ছিল না, সেখান থেকেই নতুন শক্তি খুঁজে নিতে হয় আমাকে। তবে সতীর্থদের ও পরিবারের পূর্ণ সমর্থন পাই আমি। দারুণ সব বার্তা পাই, যা আমাকে প্রাণশক্তি জোগায়। আমার জন্য অনেক স্বস্তি বয়ে আনে তা।”
“যারা আমার জন্য প্রার্থনা করেছেন, বার্তা পাঠিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। কোনো ধন্যবাদই তাদের জন্য যথেষ্ট নয়। এখন আমি জাতীয় দলের জয়ের জন্য সম্ভব সবকিছুই করব।”
