জাপানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান স্পেন কোচ
এগিয়ে চলার পথে ইতিবাচক থাকতে চান লুইস এনরিকে।
নিজেদের শেষ ম্যাচে জয় পেলে গ্রুপ সেরা হবে স্পেন। ড্র করলেও নকআউট পর্বের টিকেট পেয়ে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ লুইস এনরিকে অবশ্য কোনো সমীকরণে যেতে চান না। বললেন, জাপানকে স্রেফ হারানোর লক্ষ্যেই খেলবেন তারা।
‘ই’ গ্রুপে থাকা স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন মোরাতা-পেদ্রিরা।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্পেন। সমান তিন পয়েন্টে নিয়ে পরের দুটি জায়গায় আছে জাপান ও কোস্টা রিকা। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানরা।
আগামী ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে খেলবে স্পেন। এই ম্যাচে জিতলে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করবে দলটি। ড্র করলেও সেই সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে জার্মানি-কোস্টা রিকা ম্যাচের ফলাফল থাকতে হবে নিজেদের পক্ষে।
আর কোস্টা রিকা যদি জার্মানিকে হারিয়ে দেয় আর জাপানের কাছে নিজেরা হেরে যায়, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা।
জার্মানিকে হারাতে পারলে অবশ্য এত সমীকরণের সামনে পড়তে হতো না স্পেনকে। সুযোগও এসেছিল, কিন্তু তা কাজে না লাগাতে পারায় ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এনরিকের কণ্ঠে এনিয়ে ফুটে উঠল হতাশা। তবে এগিয়ে চলার পথে ইতিবাচক থাকতে চান তিনি। তিনি বলেন, জাপানের বিপক্ষে জয় ছাড়া তাদের ভাবনায় আর কিছু নেই।
“ড্রেসিংরুমে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কারণ আমাদের সামনে জার্মানিকে হারানোর সুযোগ ছিল এবং আমরা তা হাত ফসকে যেতে দিয়েছি। এটি হতাশাজনক ছিল। তবে আমাদের মনে রাখতে হবে যে, তথাকথিত গ্রুপ অব ডেথের শীর্ষে আছি আমরা এবং আমাদের ইতিবাচক থাকতে হবে।”
“বৃহস্পতিবার জাপানের বিপক্ষে ড্র করলেই সম্ভবত আমরা নকআউট পর্বে জায়গা করে নেব। তবে আমরা কোনো কিছু অনুমান করে নেব না। আমরা আমাদের পূর্ণশক্তি ব্যবহার করব এবং গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে জয়ের জন্যই খেলব।”
