২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শকদের ভোটেও সেরা ফোরলান

দিয়েগো ফোরলানের স্বীকৃতির মুকুটে আরেকটি পালক যোগ হলো। উরুগুয়ের এই খেলা গড়ার কারিগর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হয়েছিলেন সেরা ফুটবলার। এবার ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'গোলডটকম' এর জরিপেও সেরা হলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিয়েগো ফোরলানের স্বীকৃতির মুকুটে আরেকটি পালক যোগ হলো। উরুগুয়ের এই খেলা গড়ার কারিগর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হয়েছিলেন সেরা ফুটবলার। এবার ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'গোলডটকম' এর জরিপেও সেরা হলেন তিনি। প্রথমবারের মতো চালু হওয়া এই 'টার্কিশ এয়ারলাইনস টপ অব দ্য ওয়ার্ল্ড কাপ' এর লড়াইয়ে নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডার, স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা এবং জার্মানির টমাস মুলারকে পেছনে ফেলে ২০১০ বিশ্বকাপ ফুটবলের সেরা হয়েছেন তিনি। পাঠকদের ৪৭.৯৭ ভাগ ভোট পেয়েছেন বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বল জেতা ফোরলান। ওয়েবসাইটটির বিশ্লেষকরা এটাকে যৌক্তিক হিসেবেই মানছেন। কারণ, ৩১ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড়ের নৈপুণ্যে ১৯৭০ সালের পর উরুগুয়ে আবারো ওঠে আসে বিশ্বকাপের সেমিফাইনালে। ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়ের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা পেয়েছেন ১৯.০৮ ভোট। স্নেইডার পেয়েছেন ৩২.৯৫ ভাগ পাঠকের ভোট। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতা টমাস মুলারের পক্ষে গেছে ২৭.২৩ ভাগ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭০৫ ঘ.