মাদ্রিদ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরে ফিরেছে ইকার ক্যাসিয়াসের চ্যাম্পিয়ন দল স্পেন।
রোববার স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন।
সোমবার দুপুরে মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে পৌঁছায় স্পেনের খেলোয়াড় বহনকারী বিমান। বিমান থেকে নামার সময় সিঁড়িতেই বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরেন অধিনায়ক ক্যাসিয়াস। এসময় কয়েক শ' বিমানবন্দর কর্মী দেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। 'চ্যাম্পিয়ন' বলে হর্ষ ধ্বনি দিয়ে খেলোয়াড়দের অভিন্দন জানাচ্ছিল তারা।
আনুষ্ঠানিক উৎসব উদযাপনে শরীক হতেই দলটি এতো দ্রুত দেশে পৌঁছায়। প্রধানমন্ত্রী জোসে লুইস রদ্রিগুয়েজ জাপাতারোর সঙ্গে দেখা করে খোলা বাসে রাজধানীতে পরিভ্রমণ করবে খেলোয়াড়রা।
খোলা বাসে পরিভ্রমণ শেষ হবে মানজানারেস নদীর তীরে। সেখানে খেলোয়াড়দের সঙ্গে পার্টিতে উপস্থিত থাকবে হাজার হাজার ফুটবল প্রেমী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১৫০ ঘ.
bdnews24