ইরাসমিয়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো মুখ খোলেননি জার্মান কোচ জোয়াকিম লো। ৫০ বছর বয়সী এই কোচের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চার বছরের চুক্তি গত ৩০ জুনই শেষ হয়ে গিয়েছিল।
কার্লোস পুওলের গোলে স্প্যানিশদের কাছে ১-০ তে হারার পর ম্যাচ শেষে লো বলেন, "বিশ্বকাপের পর দেশে ফিরে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলব আমি। তার আগে কোনো কথা নয়।"
উল্লেখ্য, শনিবার পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে জার্মানি।
লো বলেছেন তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া জার্মান এই দলটি আগামি দুই বছরে আরো শক্তিশালী হবে। তাতে দলের কোচিংয়ের দায়িত্বে যিনিই থাকুন না কেন।
বিশ্বকাপের ঠিক আগে অধিনায়ক মাইকেল বালাকসহ বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ইনজুরিতে পড়লে জার্মানি তরুণদের নিয়ে বিশ্বকাপে আসে। এমন দল নিয়েই ইংল্যান্ড এবং আর্জেন্টিনাকে ধরাশায়ী করে শেষ চারে ওঠে তিনবারের চ্যাম্পিয়নরা। নজর কাড়েন টমাস মুলার, মেসুট ওজিলরা।
যদি লো কোচ না থাকেন তাহলে দায়িত্ব নেয়ার ব্যাপারে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সাবেক তারকা ফুটবলার ম্যাথিয়াস সামারের নাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৯০৫ ঘ.
bdnews24