২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বালাক ফিরলেও লাম নেতৃত্ব ছাড়বেন না

অধিনায়কত্ব নিয়ে জার্মান দলে দ্বন্দ্ব দেখা দিয়েছে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের ঠিক আগে। বিশ্বকাপে জার্মানির অধিনায়ক ফিলিপ লাম সাফ জানিয়ে দিয়েছেন, চোট সেরে সুস্থ হয়ে মাইকেল বালাক দলে ফিরলেও তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়তে রাজি নন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

ডারবান, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়কত্ব নিয়ে জার্মান দলে দ্বন্দ্ব দেখা দিয়েছে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের ঠিক আগে। বিশ্বকাপে জার্মানির অধিনায়ক ফিলিপ লাম সাফ জানিয়ে দিয়েছেন, চোট সেরে সুস্থ হয়ে মাইকেল বালাক দলে ফিরলেও তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়তে রাজি নন। চোটের কারণে নিয়মিত অধিনায়ক বালাক বিশ্বকাপে খেলতে না পারায় ২৬ বছর বয়সী লামকে তার দায়িত্ব দেয়া হয়। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে এরই মধ্যে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। প্রিটোরিয়াতে অনুশীলনের পর জার্মান দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেন, ''মাইকেল বালাক এখনো দলের অধিনায়ক। আর বিশ্বকাপের অধিনায়ক ফিলিপ লাম।'' এরপরই জার্মানির একটি পত্রিকাকে লাম জানান, বালাক ফিরলেও তিনি অধিনায়কত্ব ছাড়বেন না। ''সবাই অধিনায়ক হতে চায়। আমিও ব্যতিক্রম নই। আর এই মুহূর্তে নেতৃত্ব উপভোগ করছি আমি। তাই নিজে থেকে সরে দাঁড়ানোর কোন ইচ্ছে নেই। দায়িত্ব যখন নিয়েছি, তখন তা পালন করে যেতে চাই," বললেন লাম। লামের এই মন্তব্যের পর অবশ্য বিয়েরহফ বলেছেন, অধিনায়কত্ব নিয়ে বালাক এবং লামের মধ্যে কোনো বিরোধ নেই। গোটা দল এখন ভাবছে বিশ্বকাপ নিয়ে। উল্লেখ্য, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের সময় বালাক মাঠে ছিলেন। তবে সোমবারই তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২০ ঘ.