২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার শেষ ভরসা উরুগুয়ে

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার পতাকা এখন উরুগুয়ের হাতে। তারাই শেষ ভরসা। কোয়ার্টার ফাইনাল থেকে অন্যতম ফেবারিট ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে বিদায় নেয়ার পর শেষ চারে লাতিন আমেরিকার প্রতিনিধি কেবল উরুগুয়েই। বাকি তিনটি দলই ইউরোপের; জার্মানি, স্পেন এবং নেদারল্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 01:18 PM

মন্টিভিডিও, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার পতাকা এখন উরুগুয়ের হাতে। তারাই শেষ ভরসা। কোয়ার্টার ফাইনাল থেকে অন্যতম ফেবারিট ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে বিদায় নেয়ার পর শেষ চারে লাতিন আমেরিকার প্রতিনিধি কেবল উরুগুয়েই। বাকি তিনটি দলই ইউরোপের; জার্মানি, স্পেন এবং নেদারল্যান্ডস। বিশ্ব ফুটবলে উরুগুয়ের অতীত দারুণ ঝলমলে । ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের স্বাগতিক এবং চ্যাম্পিয়ন তারাই। ১৯৫০ সালে স্বাগতিক ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে উরুগুয়ে। ১৯২৪ এবং ১৯২৮ সালে অলিম্পিক ফুটবলেও স্বর্ণপদক জিতেছিল তারা। কোপা আমেরিকায় উরুগুয়ে যৌথভাবে আর্জেন্টিনার সঙ্গে গড়েছে একটি রেকর্ড। উভয়েই ১৪ বারের চ্যাম্পিয়ন। বিশ্বকাপে উরুগুয়ের সর্বশেষ বড় সাফল্য ১৯৭০ সালে সেমিফাইনালে ওঠা। তারপর থেকেই ক্রমশ নিচের দিকে নেমেছে উরুগুয়ের ফুটবল। অথচ এই দেশটিতে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। যে কোনো বিভেদে ফুটবলই উরুগুয়ের জনগণকে ঐক্যবদ্ধ করে। ফুটবল তাদের কাছে ধর্মের সমান। কিন্তু কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছিল না তারা। অবশেষে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উরুগুয়ে তাদের ফুটবলের সোনালি অতীতকে নতুন করে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। উঠে গেছে শেষ চারে। সেখানে তারা লড়বে নেদারল্যান্ডসের সঙ্গে। যারা বিশ্বকাপে দু'বারের রানার-আপ। উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা নিয়মিত যোগাযোগ রাখছেন অধিনায়ক ডিয়েগো লুগানো এবং কোচ অস্কার তাবারেজের সঙ্গে। জানিয়ে দিয়েছেন সোনার কাপটা পাওয়ার জন্য তিনিসহ গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার জবাবে কোচ তাবারেজ বলেছেন চেষ্টার কোনো ঘাটতি তারা রাখবেন না। উরুগুয়ের সাড়ে তিন কোটি জনগণের জন্য সেরা উপহারটা তিনি জোহানেসবার্গ থেকে তুলে আনতে চান। কোচের সঙ্গে গলা মিলিয়ে অধিনায়ক লুগানো এবং সেরা তারকা ডিয়েগো ফোরলানও বলছেন একই কথা। এবার নিয়ে বিশ্বকাপে পঞ্চমবারে মতো সেমিফাইনাল খেলছে উরুগুয়ে। শৃঙ্গ জয় করতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। সেই চূড়ায় কি উঠতে পারবে উরুগুয়ে? তার প্রথম ধাপটা জানতে উরুগুয়ের সমর্থকদের অপেক্ষা করতে হবে মঙ্গলবারের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৭৫০ ঘ.