জোহানেসবার্গ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালকার্ড দেখেও উরুগুয়ের ফুটবলপ্রেমীদের কাছে এখন নায়ক লুই সুয়ারেজ। সবাই মেতেছেন সুয়ারেজ বন্দনায়।
কারণও যুক্তি-সঙ্গত, অন্তত উরুগুয়ের অধিবাসীদের কাছে। ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে বল না আটকালে এতক্ষণে দেশের পথ ধরতে হতো। কিন্তু টাইব্রেকারে ৪-২ গোলে ঘানাকে হারিয়ে উঠে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে।
নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ঘানা। শেষ মিনিটে ডমিনিক আদিয়ারের হেড প্রায় আশ্রয় নিতে যাচ্ছিল উরুগুয়ের জালে। কিন্তু গোল-লাইন থেকে হাত দিয়ে বল ফিরিয়ে দেন লুই সুয়ারেজ। লালকার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আর পেনাল্টি পায় ঘানা।
কিন্তু পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি আসামোহ জিয়ান। তার শট বারপোস্টে লেগে চলে যায় মাঠের বাইরে। এরপর টাইব্রেকারে জিতে ৪০ বছর পর উরুগুয়ে আবারো উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে।
উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মোসলেরা টাইব্রেকারে দুটো শট আটকে দিলেও খেলার নায়ক বলা হচ্ছে সুয়ারেজকে। খেলা গড়ার কারিগর ডিয়েগো ফোরলান বলছিলেন, ''আমার কাছে সে নায়ক। যদি ও হাত দিয়ে বল না আটকাতো, তাহলে বিশ্বকাপে আমাদের অভিযাত্রা তখনই শেষ হয়ে যেতো।''
এদিকে লালকার্ড পেয়েও কোনো হতাশা নেই সুয়ারেজের মধ্যে। এবারের বিশ্বকাপে তিন গোল করা এই খেলোয়াড় বলছিলেন, ''আসলে ওই মুহূর্তে আমার কিছুই করার ছিল না। তাই হাত দিয়ে বল আটকেছিলাম। এ কারণে লালকার্ড পেলাম। সেমিফাইনালে খেলতে পারছি না। কিন্তু দুঃখ নেই। দলের জন্য তো কিছু একটা করতে পেরেছি।''
অন্যদিকে এই হারে শোকের ছায়া নেমে এসেছে ঘানায়। তাদের চোখে সুয়ারেজ এখন খলনায়ক। ভক্তরা তো রীতিমতো শাস্তি দাবি করছে তার।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও গুরুত্বের সঙ্গে নিয়েছে বিষয়টি। পুরো ঘটনা তদন্ত করে দেখছে সংস্থাটি। শুধু এক ম্যাচ নয়, কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০২ ঘ.
bdnews24