২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় পর্বে

দক্ষিণ কোরিয়ার পর বিশ্বকাপ ফুটবলে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে উঠেছে জাপান। বৃহস্পতিবার 'ই' গ্রুপের খেলায় জাপান ৩-১ গোলে হারায় ডেনমার্ককে। গ্রুপের অন্য খেলায় নেদারল্যান্ডস ২-১ গোলে জেতে ক্যামেরুনের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 07:35 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

রাস্টেনবার্গ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার পর বিশ্বকাপ ফুটবলে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে উঠেছে জাপান। বৃহস্পতিবার 'ই' গ্রুপের খেলায় জাপান ৩-১ গোলে হারায় ডেনমার্ককে। গ্রুপের অন্য খেলায় নেদারল্যান্ডস ২-১ গোলে জেতে ক্যামেরুনের বিপক্ষে। ফ্রি-কিক থেকে জাপানের পক্ষে দু'টি গোল করেন কেইসুকে হোন্ডা এবং ইয়াসুহিতো এন্ডো। অপর গোলটি শিনিজি ওকাজাকির। ডেনমার্কের পক্ষে একটি গোল শোধ করেন জন ডাল থমাসন, পেনাল্টি থেকে। 'ই' গ্রুপ রার্নাস-আপ জাপান দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে প্যারাগুয়ের। গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস দ্বিতীয় পর্বে লড়বে স্লোভাকিয়ার সঙ্গে। রবিন ফন পার্সির গোলে এগিয়ে যায় নেদাল্যান্ডস। পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল ইতো। এরপর ক্লাস ইয়ান হান্টেলারের গোলে জিতে যায় ওলন্দাজরা। রাস্টেনবার্গে শুরুতে ডেনমার্ক চেপে ধরে জাপানকে। সে সময় অন্তত দু'টি গোলের সুযোগও সৃষ্টি করেছিল তারা। ৬ মিনিটে ডেনমার্কের সিমন পলসেনের ক্রসে অল্পের জন্য পা লাগাতে পারেননি পেনাল্টি বক্সে ওঁৎ পেতে থাকা জন ডাল থমাসন। কিছুক্ষণ পরই কর্নার-কিক থেকে বল পেয়ে তা গোলপোস্টের বাইরে পাঠিয়ে দেন কোলড্রাপ। প্রাথমিক আক্রমণের ধাক্কা সামলে জাপানও ফিরে আসে ম্যাচে। ডেনমার্কের গোলমুখে মাপা ক্রস করেছিলেন ইয়াশিতো ওকুবো। তাতে শট নিয়েছিলেন দাইসুকে মাতসুই। কিন্তু বল ড্যানিশ গোলরক্ষক টমাস সোরেনসনের পায়ে লেগে ফিরে আসে। দু'মিনিট পরই জাপানের অধিনায়ক মাকোতো হাসেবের তীব্র শট ডেনমার্কের গোলপোস্টের ঠিক বাইরে দিয়ে চলে যায়। খেলার ১৭ মিনিটে এগিয়ে যায় জাপান। বক্সের বেশ বাইরে থেকে কেইসুকে হোন্ডার দুর্দান্ত ফ্রি-কিক আশ্রয় নেয় ডেনমার্কের জালে। গোলরক্ষক সোরেনসেন ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলটি আটকাতে পারেননি। বিশ্বকাপে হোন্ডার এটি দ্বিতীয় গোল। এরপরই খেলার মোড় ঘুরে যায়। আত্মবিশ্বাসী জাপান নিয়ন্ত্রণ নিয়ে নেয় খেলার। আক্ষরিক অর্থেই জাপানের খেলোয়াড়দের দ্রুতগতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি ডেনমার্কের খেলোয়াড়রা। খেলার ২১ মিনিটে সমতা আনার সুযোগ হারায় ডেনমার্ক। জাপানের গোলমুখে বল ফেলেছিলেন ক্রিশ্চিয়ান পলসেন। সেই বলে ঠিক মতো শট নিতে পারেননি থমাসন। এই ভুলের খেসারত দেয় ডেনমার্ক ২৯ মিনিটে। ফের ফ্রি-কিক থেকে জাপানের গোল। এবার পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে ইয়াসুহিতো এন্ডোর ডান পায়ের বাঁকানো শট জড়িয়ে যায় জালে। এরপর প্রথমার্ধের আগ পর্যন্ত ডেনমার্ককে চাপে রাখে জাপান। সে সময় গোলের কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল হজম করতে যাচ্ছিল ডেনমার্ক। বেঁচে যায় ভাগ্যের জোরে। আবারো সেই ফ্রি-কিক। শট নিয়েছিলেন এন্ডো। কিন্তু বল সোরেনসনের হাত ফস্কে পোস্টে লেগে বাইরে চলে যায়। খেলার ৫২ মিনিটে অবশ্য পাল্টা আক্রমণ চালিয়ে একটি গোলের সুযোগ তৈরি করে ডেনমার্ক। জাপানের ছোট বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি থমাসন। ছয় মিনিট পর জ্যাকব পলসেনের শট ঘুষি মেরে উড়িয়ে দেন জাপানের গোলরক্ষক কাওয়াশিমা। ডেনমার্ক একটি গোল শোধ করে ৭৯ মিনিটে। পেনাল্টি বক্সের ভেতর ডেনমার্কের ড্যানিয়েল অ্যাগেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন জাপানের অধিনায়ক হাসেবে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। থমাসনের গড়ানো শট প্রথমে জাপানের গোলরক্ষক কাওয়াসিমা ঠেকিয়ে দেন। কিন্তু ফিরতি বলে টোকা দিয়ে গোল করেন তিনি। তবে শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় ডেনমার্ককে। কারণ ৮৮ মিনিটে হোন্ডার কাছ থেকে বল পেয়ে শিনিজি ওকাজাকি ডেনমার্কের কফিনে শেষ পেরেক ঠোকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০২৪৮ ঘ.