২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

আসলে স্কোরলাইন অনেক সময় সত্য কথা বলে না। স্লোভেনিয়ার বিপক্ষে ইংল্যান্ড বুধবার জিতেছে ১-০ গোলে। কিন্তু ব্যবধানটা ৪-০ হতে পারতো। দুর্দান্ত ফুটবল খেলেছে ওরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 05:03 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

আসলে স্কোরলাইন অনেক সময় সত্য কথা বলে না। স্লোভেনিয়ার বিপক্ষে ইংল্যান্ড বুধবার জিতেছে ১-০ গোলে। কিন্তু ব্যবধানটা ৪-০ হতে পারতো। দুর্দান্ত ফুটবল খেলেছে ওরা। না খেলে অবশ্য উপায় ছিল না। হারলে তো দেশে ফিরতে হতো। কিন্তু জয় দিয়ে ইংল্যান্ড উঠে গেলো দ্বিতীয় পর্বে। ইংল্যান্ডের খেলা দেখে আমার যেটা ভালো লেগেছে তা হলো ওদের দ্রুত আক্রমণে যাওয়া। আধুনিক ফুটবলে এটা জরুরি। না হলে প্রতিপক্ষ সহজেই আপনার ছক বুঝে নেবে। জার্মেইন ডেফো যে আক্রমণ থেকে গোল করেছেন সেটিও ছিল বেশ গোছানো। মাঝে মধ্যে ওরা ছোট ছোট পাসে দ্রুত আক্রমণে গেছে। দুভার্গ্য পিছু না নিলে এ ম্যাচে গোল পেতে পারতো ওয়েন রুনি। কিন্তু আগের দুই ম্যাচের তুলনায় ওকে এখানে বেশি দেখা গেছে। কোচ ফ্যাবিয়ো ক্যাপোলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা। আমি নিশ্চিত দ্বিতীয় পর্বেও প্রথম একাদশে ওকে দেখতে পাবো। ইংল্যান্ড তাদের সেই গতি ফিরে পেলেও একটা দুর্বলতা থেকেই যাচ্ছে। সেটা হলো সুযোগের সদ্ব্যবহার। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে গোল করার সুযোগ বারবার পাওয়া যায় না। এভাবে গোল মিসের মহড়া দিলে সেই ক্ষতি দ্বিতীয় পর্বে পুষিয়ে নেয়ার সুযোগ থাকবে না। যুক্তরাষ্ট্র: আলজেরিয়া আমি তো ধরেই নিয়েছিলাম যুক্তরাষ্ট্র বিদায় নিচ্ছে বিশ্বকাপ থেকে। কিন্তু কে জানতো ম্যাচের ইনজুরি সময়ে এতো চমক অপেক্ষা করছে। লেন্ডন ডোনোভানের গোলে শুধু আলজেরিয়াই হারল না, কপাল পুড়লো স্লোভেনিয়ারও। ম্যাচটা যুক্তরাষ্ট্র হেরে গেলে ইংল্যান্ডের কাছে হেরেও শেষ ষোলতে উঠে যেতে স্লোভেনিয়া। কিন্তু আমি বলবো ভাগ্যের জোরে নয়, ভালো খেলেই দ্বিতীয় পর্বে উঠলো যুক্তরাষ্ট্র। ওদের যেটা ভালো লেগেছে তা হলো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়া। শারীরিক সক্ষমতাতেও ওরা আলজেরিয়ানদের চেয়ে এগিয়ে। আমার তো মনে হয় এভাবে এগিয়ে যেতে থাকলে কয়েক বিশ্বকাপ পর ওরা ফেভারিট হয়ে খেলতে আসবে। ইতালি- স্লোভাকিয়া ইতালিকে দেখে অবাক হয়েছি আমি। এমনিতে যে রক্ষণভাগের জন্য ইতালির এত দাপট, সে রক্ষণভাগই এবার এলোমেলো! অধিনায়ক ফ্যাবিয়ো ক্যানাভারো একের পর এক ভুল করে যাচ্ছে। শুনেছি গোলরক্ষক জিয়ানলুকা বুফোঁ ইনজুরির কারণে গত ম্যাচের মতো এ ম্যাচেও খেলবেন না। তার অভাবটা এ ম্যাচে চোখে পড়তে পারে। দেখুন, শুধু রক্ষণভাগ কেন মাঝমাঠেও আজুরিদের বেহাল দশা। ইনজুরিতে আক্রান্ত আন্দ্রে পিরলোর অভাবটা কেউ পুষিয়ে দিতে পারছে না। মাঠে নামার আগেই কেমন যেন দম ফুরিয়ে যাচ্ছে ওদের। স্লোভাকিয়ার বিপক্ষে বৃহস্পতিবার পিরলো মাঠে থাকলে সমর্থকরা স্বস্তি পাবে। পয়েন্ট তালিকার দিকে চোখ বুলিয়ে যতোটুকু দেখলাম, এ ম্যাচে ড্র করলেও দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ থাকবে ওদের। কিন্তু আমার মনে হয় ছক পাল্টে জয়ের জন্য খেলবেন কোচ মার্সেলো লিপ্পি। নেতিবাচক ফুটবল খেললে উল্টো হেরেও যেতে পারে ওরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএমএইচ/২২৫৮ ঘ.