যেমনটা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হলো। প্রথম পর্বে থেকেই বিদায় নিলো ফ্রান্স। দেখুন খেলা জীবনেরই মতো। যখন একটা দল মাঠে খেলে তখন সেটা কিন্তু একটা পরিবার। ঘরে অশান্তি থাকলে কিছুই করা যায় না।
আমার তো মনে হয় দক্ষিণ আফ্রিকায় পা রাখার আগেই কোচ রেমন্ড ডমিনেখের সঙ্গে সমস্যা চলছিলো ফুটবলারদের। কর্মকর্তাদের উচিত ছিল সেই সমস্যা কাটিয়ে তারপর বিশ্বকাপে যাওয়া।
কিন্তু বিশ্বকাপ খেলতে এসে সেই সমস্যা সামনে চলে এলো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কোচ আর ফুটবলারদের দ্বন্দ্বের কারণেই ফরাসিদের এই ভরাডুবি।
দুঃখ হচ্ছে দক্ষিণ আফ্রিকার জন্য। মঙ্গলবার ওরা দুর্দান্ত ফুটবল খেলেছে। ফ্রান্সের বিপক্ষে জিতেছেও ২-১ গোলে। কিন্তু দ্বিতীয় পর্বে ওঠার জন্য আরো বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল ওদের। সেটা হলো না।
তাইতো মঙ্গলবারের আরেক ম্যাচে উরুগুয়ের কাছে ০-১ গোলে হেরেও শেষ ষোলতে উঠে গেলো মেক্সিকো। গ্র"প 'এ' থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠলো উরুগুয়ে।
ডিয়েগো ফোরলানরা যেভাবে খেলছেন তাতে মনে হচ্ছে কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারে উরগুয়ে। এবারের বিশ্বকাপে তো লাতিন ফুটবলের জয়জয়কার।
আগের কয়েক দিনের মতো এদিনও বাজে রেফারিং কষ্ট দিয়েছে আমাকে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমন ভুল দেখতে ভালো লাগে না।
২৬ মিনিটে ফ্রান্সের জিওরকাফ পেলেন লালকার্ড। অথচ বড় জোর হলুদ কার্ড দেয়া যেতো তাকে। জানি না এই ব্যাপারগুলো ফিফার চোখে পড়ছে কি-না।
ইংল্যান্ড-স্লোভেনিয়া
অনেকেই ইংল্যান্ডের সমালোচনায় এখন মুখর। দেখলাম কেউ কেউ তাদের 'কাগুজে বাঘ' বলছে। আমি কিন্তু বলবো ওরা প্রথম দুই ম্যাচে যা খেলেছে তা নিছকই অঘটন। ইংল্যান্ড সত্যিকার অর্থেই ফেভারিট।
তবে আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বেশিরভাগ ফুটবলারই ক্লান্ত। লিগ ফুটবলের পার্শ্বপ্রতিক্রিয়া হয়তো এটা। আরেকটা ব্যাপার আমার চোখে পড়েছে-দলটাতে সমন্বয়ের বড় অভাব।
কিন্তু এখন আর পুরোনো কিছু ভাবার সময় নেই। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে হলে বুধবার স্লোভেনিয়ার বিপক্ষে জিততেই হবে তাদের। না হলে দেশে ফেরার টিকিট কাটতে হবে।
আমার বিশ্বাস, এবার ঘুম ভাঙ্গবে ওয়েন রুনির। ইংল্যান্ডের স্টিফেন জেরার্ডের খেলাই শুধু চোখে পড়ছে। এ ম্যাচে একসঙ্গে সবাইকে ঝলসে উঠতে হবে।
তবে স্লোভেনিয়াও ছেড়ে দেবে না। জিতলে ওদেরও পরের পর্বে ওঠার সুযোগ থাকছে।
জার্মানি: ঘানা
জার্মানির প্রথম ম্যাচ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলাম। কিন্তু সার্বিয়ার বিপক্ষে ওদের সাদামাটা ফুটবল হতাশ করেছে আমাকে।
এ কারণেই শঙ্কা থাকছে। ঘানা কি রুখে দেবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের?
আমার মনে হয় বুধবার কঠিন পরীক্ষা দিতে হবে জার্মানদের। আফ্রিকান দলগুলোর মধ্যে ঘানা সবচেয়ে ভালো ফুটবল খেলছে এবার। এ ম্যাচেও সেই ধারাবাহিতা ধরে রাখতে পারলে কপাল পুড়বে জার্মানির।
কিন্তু জার্মানদের আত্মবিশ্বাসে চিড় ধরানো সহজ নয়। ওরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে জানে। ঘানার সঙ্গে ওদের উপভোগ্য একটা ম্যাচের প্রত্যাশা করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএমএইচ/২১৪৮ ঘ.
bdnews24