২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞতায় এগিয়ে দক্ষিণ কোরিয়া

এশিয়ার ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়া শনিবার বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। 'বি' গ্র"পের খেলায় তাদের প্রতিপক্ষ ২০০৪ এর ইউরো চ্যাম্পিয়ন গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 10:57 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

পোর্ট এলিজাবেথ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ার ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়া শনিবার বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। 'বি' গ্র"পের খেলায় তাদের প্রতিপক্ষ ২০০৪ এর ইউরো চ্যাম্পিয়ন গ্রিস। পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে এই ম্যাচে কাউকেই পরিষ্কার এগিয়ে রাখা যাচ্ছে না। তবে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া। ২০০২ সালে নিজেদের মাঠে তারা বিশ্বকাপে চতুর্থ হয়েছিল। তবে এবার তাদের দ্বিতীয় পর্বে উঠতে কঠিন পরীক্ষাই দিতে হবে। গ্র"পের বাকি দুই দল আর্জেন্টিনা ও নাইজেরিয়া। সে দিক দিয়ে দেখলে গ্র"পে দ্বিতীয় হয়ে পরের পর্বে ওঠাই কোরিয়ানদের লক্ষ্য। সে কথা মানছেনও কোচ হা জুং-মু নিজেও। তার তুরুপের তাস ম্যানচেস্টার ইউনাইটেড তারকা দক্ষিণ কোরিয়ার অধিনায়ক পার্ক জি-সুং। কোচ মু দলকে ৪-৪-২ পদ্ধতিতে খেলানোর পরিকল্পনা করেছেন। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কোরিয়া ভালো খেললেও এক গোলে হেরে যায় স্পেনের কাছে। তবে হারিয়েছে জাপান, ইকুয়েডর এবং আইভরি কোস্টকে। কোচ অটো রেহাগেলের দায়িত্বে ২০০৪ সালে ইউরো জিতে গ্রিস যে সাড়া ফেলেছিল তা অনেক আগেই মিলিয়ে গেছে। এর আগে ১৯৯৪ সালে একবারই বিশ্বকাপে খেলেছিল গ্রিস। ফল ভয়াবহ। তিন ম্যাচেই হেরেছিল, খেয়েছিল ১০ গোল। এবার অবশ্য রেহাগেল অন্তত দ্বিতীয় পর্বে ওঠার স্বপ্ন দেখছেন। তুখোর গোলদাতা থিওফানিস গেকাসকে ঘিরেই দল সাজিয়েছেন ৭১ বছর বয়সী রেহাগেল। যিনি এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়স্ক কোচ। বিশ্বকাপের বাছাই পর্বে ১০ গোল দিয়ে গেকাস ইউরোপীয় অঞ্চলে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন। ৪৭ ম্যাচে এখন পর্যন্ত ২০ গোল দিয়েছেন ৩০ বছর বয়সী গেকাস। তবে বিশ্বকাপের আগে সর্বশেষ তিনটি ম্যাচের ফল খুব ভালো নয় গ্রিসের। প্যারাগুয়ে, সেনেগালের কাছে হার এবং উত্তর কোরিয়ার সঙ্গে ড্র। তারপরও বিশ্বকাপে গ্রিসকে হিসেবের বাইরে না রাখার জন্য প্রতিপক্ষকে হুশিয়ার করে দিয়েছেন রেহাগেল। তার দাবি চমক দেখাতেই পারে তার দল। কোরিয়ার চেয়ে একটু আক্রমণাত্মক ছকেই বেছে নিয়েছে রেহাগেল। তাই দলকে খেলাবেন ৪-৩-৩ পদ্ধতিতে। তার হাতিয়ার খেলোয়াড়দের উচ্চতা এবং শারীরিক সক্ষমতা। তার জবাবে দক্ষিণ কোরিয়ানদের রয়েছে অফুরন্ত দম এবং গতি। ফলে খেলাটি হয়ে উঠতে পারে জমজমাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৬২৫ ঘ.