ব্রাসেলস, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ইতালিকে হারিয়েছে মেক্সিকো। ২-১ গোলে হারায় তারা বর্তমান চ্যাম্পিয়নদের।
এছাড়া স্পেন ১-০ গোলে দক্ষিণ কোরিয়া এবং জার্মানি ৩-১ এ জিতেছে বসনিয়ার বিপক্ষে।
কিং ব্যাল্ডউইন মাঠে খেলার ১৭ মিনিটে মেক্সিকোকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস আলবার্তো ভেলা। এরপরই গোল শোধে মরিয়া হয়ে উঠে ইতালি। তবে বিরতির আগ পর্যন্ত কোনো গোল করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ইতালির রক্ষণবূহ্য ভেদ করে মেক্সিকোকে এবার এগিয়ে নেন মাঝ-মাঠের খেলোয়াড় আলবার্তো মেদিনা, ৮৪ মিনিটে।
তবে খেলা শেষ হওয়ার এক মিনিট (৮৯ মিনিট) আগে একটি গোল শোধ করেন ইতালির মাঝ-মাঠের খেলোয়াড় লিওনার্দো বোনুচ্চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৫৭ ঘ.
bdnews24