লেয়াওয়ের নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকে হারাল এসি মিলান
‘মিলান ডার্বি’তে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন এই তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড।
চোটের কারণে ছিলেন না জ্লাতান ইব্রাহিমোভিচ। আক্রমণভাগের অভিজ্ঞ তারকার অনুপস্থিতি অবশ্য বুঝতে দিলেন না রাফায়েল লেয়াও। গোল করলেন, করালেনও। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে দারুণ জয় পেল এসি মিলান।
সান সিরোয় শনিবার ঐতিহ্যবাহী ‘মিলান ডার্বি’তে ৩-২ গোলে জিতেছে এসি মিলান। জোড়া গোল করেন লেয়াও, এক গোল অলিভিয়ে জিরুদের। ইন্টারের দুই গোলদাতা মার্সেলো ব্রোজোভিচ ও এদিন জেকো।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে দুই দল সমানে সমান। আক্রমণের দিক থেকে কিছুটা এগিয়ে ছিল এসি মিলান।
পঞ্চদশ মিনিটে প্রথম ভালো সুযোগটিও পায় তারা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা লেয়াও ক্রস বাড়ান বক্সে জিরুদের উদ্দেশে। ফরাসি স্ট্রাইকার বলের নাগাল পাওয়ার আগে ক্লিয়ার করতে বেশ খানিকটা নিচু হয়ে হেড করেছিলেন ইন্টারের ডিফেন্ডার আলেসান্দ্রো বাসতোনি। ভাগ্য ভাল বল ক্রসবার কাঁপিয়ে ফিরে।
এ অর্ধে লক্ষ্যে রাখা একমাত্র শটেই এগিয়ে যায় ইন্টার। ২১তম মিনিটে হুয়াকিন কোররেয়ার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন মার্সেলো ব্রোজোভিচ। মিলান গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ালেও আটকাতে পারেননি।
পাল্টা জবাব দিতে দেরি করেনি আগের ম্যাচে সাস্সুয়োলোর কাছে পয়েন্ট হারানো মিলান। সাত মিনিট পরই সান্দ্রো তোলানির পাস ধরে জোরাল কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন লেয়াও। বলের লাইনে ঝাঁপিয়েও জাল অক্ষত রাখতে পারেননি গোলরক্ষক সামির হান্দানোভিচ।
দ্বিতীয়ার্ধে আক্রমণ, পাল্টা আক্রমণে সত্যিকারের ‘ডার্বি’ রূপ পায়। ৫৪তম মিনিটে এগিয়ে যাওয়া গোলের দেখা পেয়ে যায় মিলান। বাঁ দিক থেকে লেয়াওয়ের নিচু ক্রসে বাঁ পায়ের দারুণ প্লেসিং শটে জাল খুঁজে নেন জিরুদ। চেয়ে চেয়ে দেখা ছাড়া হান্দানোভিচের কিছুই করার ছিল না।
ছয় মিনিট পর আবারও লেয়াও ঝলক; দুরূহ কোণ থেকে মিলানের এই পর্তুগিজ ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেন। ৬৭তম মিনিটে গোলমুখ থেকে ইন্টারের এদিন জেকোর শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ালে জমে ওঠে ম্যাচ।
৭৬তম মিনিটে হাকাল কালহানোগলুর দূরপাল্লার জোরাল শট অনেকটা লাফিয়ে আটকে মিলানকে জয়ের পথে রাখেন হান্দানোভিচ।
চলতি সেরি আয় এখন পর্যন্ত অপরাজিত স্তেফানো পিওলির দল ৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ইন্টারের পয়েন্ট ৯।
