হঠাৎ ঝুলে গেল কোটি টাকার সুপার কাপ
আসরটি ঠিক কবে নাগাদ হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
কদিন আগে ঘটা করে জানানো হয়েছিল আলোচিত কোটি টাকার সুপার কাপ আয়োজনের বিষয়টি। বাছাই ও মূল পর্বের রূপরেখাও দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কিন্তু পাঁচ দিনের ব্যবধানে অনিশ্চিত হয়ে পড়ল প্রতিযোগিতাটি। ঠিক কবে নাগাদ এই টুর্নামেন্ট মাঠে গড়াবে, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাতে পারেননি বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।
বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন ওয়ার্কিং উপ-কমিটির জরুরি সভা শনিবার অনুষ্ঠিত হয়। ওই সভায় সুপার কাপ আয়োজন পিছিয়ে যাওয়ায় চলমান ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের খেলা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।
গত ৬ ফেব্রুয়ারি বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, ১৪ ও ২৮ ফেব্রুয়ারি হবে সুপার কাপের বাছাই পর্ব। ২ এপ্রিল মূল পর্ব শুরু হয়ে শেষ হবে ১৩ এপ্রিলে। ওই সময় পৃষ্ঠপোষকের বিষয়টি এক-দুদিনের মধ্যে চূড়ান্ত হওয়ার কথাও বলেছিলেন সোহাগ।
এক-দুদিন পেরিয়ে পাঁচ দিনের মাথায় মহি জানালেন, স্পন্সর চূড়ান্ত হয়নি এখনও। এ কারণেই আগের ঘোষিত সময়ে হচ্ছে না সুপার কাপ।
“আসলে আমরা আশাবাদী ছিলাম, যেহেতু স্পন্সরদের সঙ্গে একটা কথা চলছে, ভেবেছিলাম সিদ্ধান্ত চলে আসবে। সেই জায়গায় হঠাৎ করেই…আমরা স্পন্সর চূড়ান্ত করতে পারিনি। এখানে প্রাইজমানি, অংশগ্রহণকারী দলগুলোর পার্টিসিপেশন ফি’সহ অনেক বিষয় আছে, সবকিছু মিলিয়ে আমাদের একটা বাজেট ছিল। আমরা চেষ্টা করেছিলাম, সেই বাজেটের সংস্থান যেন হয় স্পন্সরদের কাছ থেকে। সে বিষয়টি যেহেতু এখন পর্যন্ত আমরা চূড়ান্ত করতে পারিনি, সে কারণে আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি।”
“সুপার কাপ হবে না-এ কথা আমরা এখনও বলছি না। যেটা আপনাদের কাছে বলা হয়েছিল, সেটা ফেডারেশন কাপ বা পেশাদার লিগের পরেও হতে পারে। আমরা একাধিক স্পন্সরের সঙ্গে কথা বলছি, যার সঙ্গে চূড়ান্ত হবে…আমরা এখনই বলছি না সুপার কাপ হবে না। হলে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। যত তাড়াতাড়ি সম্ভব আয়োজন করা হবে এবং সেটা আপনাদের জানিয়ে দেব।”
২০০৯ সালে কোটি টাকার সুপার কাপ আয়োজন করে সাড়া ফেলে দিয়েছিল বাফুফে। এরপর ২০১১ ও ২০১৩ সালে দুটি আসর হয়েছিল, কিন্তু পরে অনেকবার গুঞ্জন শোনা গেলেও আলোচিত সুপার কাপ আলোর মুখ দেখেনি।
গত বছর সেপ্টেম্বরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ আসর ফের আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন। কদিন আগে সংস্থাটির সাধারণ সম্পাদকের কথায় আলোচিত প্রতিযোগিতাটির হিমাগার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা জোরাল হয়। কিন্তু ফের ঝুলে গেল সুপার কাপের ভবিষ্যৎ।
