কাতার মাতাবে ‘সেনেগালের সিংহরা’, বিশ্বাস মানের
নিজেদের সামর্থ্যে অগাধ বিশ্বাস আফ্রিকান দেশটির তারকা ফরোয়ার্ডের।
বিশ্ব ফুটবল ‘লায়ন্স অব তেরাঙ্গা’ সেনেগালকে নতুন করে চিনেছিল ২০০২ বিশ্বকাপে। সবাইকে চমকে দিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে আফ্রিকার দেশটি উঠেছিল কোয়ার্টার-ফাইনালে। ২০ বছর বাদে আরেকটি বৈশ্বিক আসরের আগে দারুণ সম্ভাবনাময় এবারের সেনেগাল দলটি নিয়ে ঘুরেফিরে আসছে একটি প্রশ্ন, তারা কি পারবে পূর্বসূরিদের কীর্তি ছাপিয়ে যেতে? দলটির সবচেয়ে বড় তারকা সাদিও মানের বিশ্বাস, তাদের সে সামর্থ্য আছে।
বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের মতে, বিশ্বসেরার মঞ্চে অনেকদূর এগিয়ে যাবেন তারা। তার বিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে চলতি বছরে তাদের দুর্দান্ত পথচলা।
বছরের শুরুতে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতে সেনেগাল। কয়েক মাস পর ওই ফাইনালের প্রতিপক্ষ মিশরকেই বাছাইয়ে প্লে-অফে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকেট পায় মানের দল।
এ নিয়ে টানা দ্বিতীয় ও মোট তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিল সেনেগাল। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য ওই ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল।
সেবার ‘এ’ গ্রুপে সেনেগালের তিন প্রতিপক্ষ ছিল আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স, উরুগুয়ে ও ডেনমার্ক। শক্তিশালী তিন প্রতিপক্ষের মাঝে তাদের শেষ ষোলোয় ওঠার পক্ষে বাজি ধরার লোক হয়তো খুব বেশি ছিল না, কিন্তু প্রথম ম্যাচেই ফরাসিদের স্তব্ধ করে সাবেক ফরোয়ার্ড এল হাজি দিউফের একমাত্র গোলে জয় পায় সেনেগাল। পরের দুটি ম্যাচ ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে ওঠে পরের রাউন্ডে।
শেষ ষোলোয় সুইডেনকে ২-১ গোলে হারিয়ে স্বপ্নযাত্রা অব্যাহত রাখে আফ্রিকার দেশটি। এরপর কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে তুরস্কের কাছে হেরে থামে সেনেগাল বিস্ময়।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ অবশ্য তাদের জন্য ছিল হতাশার। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় নতুন নিয়মে। গ্রুপ প্রতিদ্বন্দ্বী জাপানের চেয়ে বেশি কার্ড দেখায় ছিটকে যায় তারা।
আরেকটি বিশ্বকাপের আগে সেনেগালের বর্তমান দলের শক্তিমত্তা ও সাম্প্রতিক সাফল্যের কারণে তাদের নিয়ে প্রত্যাশাও বেড়েছে সমর্থকদের মধ্যে। তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন মানে।
ইউরোপের শীর্ষ লিগে বড় বড় দলে খেলা ফুটবলারে সমৃদ্ধ দলটির মধ্যমণি ৩০ বছর বয়সী এই ফুটবলার।
ফিফাকে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে মানে শোনালেন আশার কথা। বললেন, ২০০২ বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিয়ে অনেকদূর এগিয়ে যেতে চান তারা।
“(২০০২ বিশ্বকাপের চেয়ে ভালো করা) এটাই আমাদের লক্ষ্য এবং চ্যালেঞ্জও। ২০০২ প্রজন্ম আমাদের জন্য রোল মডেল। সেই সময়ের দলটি সেনেগালকে বিশ্ব ফুটবলের মানচিত্রে তুলে ধরেছে। তারা আমাদের জাতির ইতিহাস নতুন করে লিখেছে এবং আমরা তাদের উত্তরসূরি। তারা রেকর্ড গড়েছিল এবং সব রেকর্ডই গড়া হয় ভাঙার জন্য। আমি আপনাদের বলতে পারি যে, নিজেদের সামর্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে আমরা কাতারে যাচ্ছি এবং যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দেব।”
“জানি, আমাদের পূর্বসূরিরাও আমাদের কাছ থেকে এটাই দেখতে চান। আপনাদের শুধু দেখতে হবে, এই বছরের শুরুতে আমরা আফ্রিকান নেশন্স কাপ জেতার পর তারা কতটা আবেগপ্রবণ ছিলেন। যদি কিংবদন্তি এল হাজি দিউফের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান, তাহলে তিনিই বলবেন যে, আমাদের এই বিশ্বকাপে অনেকদূর এগিয়ে যেতে দেখতে চান তিনি।”
আগামী ২০ নভেম্বর শুরু বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে সেনেগাল। তাদের তিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, একুয়েডর ও স্বাগতিক কাতার। শক্তিমত্তার বিচারে ডাচরা এগিয়ে থাকলেও, অন্য দুই দলের বিপক্ষে তুলনামূলক ভালো সুযোগ থাকার কথা সেনেগালের।
লাতিন আমেরিকার বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকেট পেয়েছে একুয়েডর। আর প্রথমবারের মতো এবারই বিশ্বকাপ খেলছে স্বাগতিক কাতার। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা।
২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসকে সমীহের চোখে দেখছেন মানে। অবশ্য সাবেক লিভারপুল তারকা মনে করেন, বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।
“আমাদের তাদেরকে (নেদারল্যান্ডসকে) সম্মান দেখাতে হবে। ফিফা র্যাঙ্কিংয়ে তারা ভালো অবস্থানে আছে। তারা খুব শক্তিশালী দল এবং বিশ্বকাপে তাদের দারুণ ঐতিহ্য আছে। তবে আমাদের অবশ্যই গ্রুপের অন্য দুই দল একুয়েডর ও কাতারকে অবমূল্যায়ন করা উচিত হবে না। তারা নিঃসন্দেহে শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য অংশ নেবে না।”
“একুয়েডর বাছাইপর্বে ভালো করেছে, অন্যদিকে কাতার নিজেদের দেশে কঠিন প্রতিপক্ষ হবে। ঠিক আমাদের মতো (আফ্রিকার সেরা) তারাও এশিয়ান চ্যাম্পিয়নের মর্যাদা রক্ষা করার অভিযানে বিশ্বকাপে খেলবে। আমরা আমাদের গ্রুপের কোনো দলকেই হালকাভাবে নিতে পারি না। আমাদের সতর্ক থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে এবং সর্বোপরি প্রতিটি ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে।”
আগামী ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেনেগালের বিশ্বকাপ অভিযান।
