২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী কুয়েতের সামনে নির্ভার ও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হারানোর ভয় দূরে ঠেলে নির্ভার চিত্তে ফাইনালে যাওয়ার ম‍্যাচে লড়তে উন্মুখ জামাল ভূঁইয়ার দল।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 09:28 PM

Updated : 30 Jun 2023, 09:28 PM

শুটিং অনুশীলনে শট নিলেন কোচ হাভিয়ের কাবরেরাও! প্রস্তুতি শেষে সবাই যখন টিম বাসে, তখনও কাজী তারিক রায়হান কিছুক্ষণ একা একা জাগলিং করলেন; একটু পর তার সঙ্গে যোগ দিলেন সহকারী কোচ হাসান আল মামুন। মিনিট পাঁচেক পাসিং অনুশীলন সেরে তারিক ও মামুন উঠলেন টিম বাসে। এই ‍দুটি দৃশ্য যেন বলে দিচ্ছে শক্তিশালী কুয়েতের বিপক্ষে মহারণের প্রস্তুতিতে কতটা মরিয়া বাংলাদেশ।

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এশিয়ার ফুটবলের ঠিক পরাশক্তি না হলেও কুয়েতের অবস্থান শক্তিশালী দলের সারিতে। পরিসংখ্যান, পারফরম্যান্স, খেলোয়াড়দের গড়ন-এমন অনেক দিক থেকে পেছনের বেঞ্চে অবস্থান বাংলাদেশের।

কিন্তু কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফে শুক্রবার নেওয়া প্রস্তুতিতে জামাল-জিকো-তপু-তারিকদের শরীরীভাষা, অনুশীলনের নিবিড়তা, প্রাণোচ্ছল আবহ যেন দেখিয়ে দিল হারানোর ভয় দূরে ঠেলে নির্ভার চিত্তে লড়তে উন্মুখ দল।

পরিসংখ্যানের পাতায় কুয়েতের বিপক্ষে বাংলাদেশের জয় নেই। দুই দলের প্রথম দেখা ১৯৭৩ সালে, মারদেকা কাপের সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের মুখোমুখি ১৯৮৬ সালের এশিয়ান গেমসে, সেরা সঙ্গী হয়েছিল ৪-০ গোলের হারের বিষাদ। ৩৭ বছর পর বেঙ্গালুরুতে ফের মুখোমুখি হচ্ছে দুই দল।

গত দশ ম্যাচের পরিসংখ্যানে এই বছর জানুয়ারিতে এরাবিয়ান গাল্ফ কাপে কাতারের কাছে ২-০ গোলে হারের পর খেলা নয় ম্যাচে অপরাজিত কুয়েত। এরমধ্যে জয় সাতটি, ড্র দুটি। অন্যদিকে বাংলাদেশের জয় ছয়টি, হার দুটি, ড্র একটি। এর মধ্যে অবশ্য একটি করে অনঅফিসিয়াল ও প্রস্তুতি ম্যাচ আছে।

এবারের সাফেও মধ্যপ্রাচ্যের অতিথি দলটি শক্তির জানান দেয় নেপালকে ৩-১ গোলে উড়িয়ে; গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে। শেষ ম্যাচে শেষ দিকের গোলে ভারতের বিপক্ষে ড্র করে হয় ‘এ’ গ্রুপের সেরা। কুয়েত স্রেফ অতিথি হয়ে খেলতে আসেনি, কোচ রুই বেন্তো জানালেন, ট্রফি নিয়ে ঘরে ফিরে যেতে চান তারা।

বিপরীতে বাংলাদেশের শুরু আরেক অতিথি দল লেবাননের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে। তবে পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে চোখ জুড়ানো ফুটবলই উপহার দেয় দল। দুই ম্যাচের চিত্রনাট্য একই। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৩-১ গোলের জয়। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠে আসে সেরা চারের মঞ্চে; ২০০৯ সালের পর প্রথমবার।

২০০৩ সালে সাফে নিজেদের একমাত্র শিরোপা জেতা বাংলাদেশ সবশেষ ফাইনাল খেলে পরের আসরে, ২০০৫ সালে। দেড় যুগ পর ফের শিরোপা নির্ধারণী ম‍্যাচে খেলার হাতছানি দলের সামনে।

গ্রুপ পর্বে ঘুরে দাঁড়িয়ে লেখা দুটি জয়ের গল্প আর ফাইনালে ওঠার হাতছানি দলের অন্দরে বইয়ে দিচ্ছে আত্মবিশ্বাসের স্রোত। কুয়েতকে শক্তিশালী মানলেও কাবরেরা নিজের দলকে তাই দুর্বল ভাবছেন না মোটেও। আস্থা রাখছেন তপু-জামাল-রাকিবদের কাঁধে।

রক্ষণভাগের কাছে কাবরেরা চাইছেন আরেকটু বেশি দৃঢ়তা। এই স্প্যানিশ কোচের মনে হচ্ছে আক্রমণভাগে রাকিব হোসেন, শেখ মোরসালিনরা গোলের ধারায় থাকলে মিলে যেতে পারে সমীকরণ।

“গত দুই ম্যাচে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা ছিল দুর্দান্ত এবং খেলোয়াড়দের মানসিকতাও ছিল ভালো। বাস্তবতা হচ্ছে শুরুতে এক গোল হজম করার পর কিন্তু আমরা আর কোনো গোল খাইনি। তবে কুয়েত এবং লেবাননের মতো দলের বিপক্ষে গোল খেয়ে বসলে ঘুরে দাঁড়ানো কঠিন। ইতিবাচক দিক হচ্ছে, আমরা আগের চেয়ে বেশি সুযোগ তৈরি করছি এবং  গোল করছি। নিশ্চিতভাবেই কুয়েত ম্যাচে যথাসম্ভব পিছিয়ে পড়ার ঝুঁকি এড়াতে হবে আমাদের।”

“অবশ্যই আমরা শুরুতে গোল হজম করতে চাই না। আগামীকাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন এবং আমরা শুরু থেকে কুয়েতকে আটকে রাখতে মনোযোগী হব এবং মালদ্বীপ ও ভুটান ম্যাচের পরিস্থিতিতে পড়তে চাইব না। তবে যদি ওই পরিস্থিতিতে পড়েও যাই, তাহলে আমাদের আবারও লড়তে হবে, কেননা, গত দুই ম্যাচে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার অভিজ্ঞতা আমাদের আছে।“

প্রস্তুতিতে তারিকের ফেরাও বাড়তি স্বস্তি দিচ্ছে কোচকে। মোবারক আল-ফানেনি, শাহবাইব আল-খালিদির মতো ফরোয়ার্ড আছে। বাকিদেরও যে গোল করার সামর্থ্য, দলটির গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল দেওয়ার পরিসংখ্যান দিচ্ছে তার প্রমাণ। তবে প্রতিপক্ষের ধারাল আক্রমণভাগ আটকাতে তপু বর্মন, বিশ্বনাথ ঘোষের সঙ্গে তারিকের ফেরার ইঙ্গিতও দিলেন কাবরেরা।

“ইতিবাচকভাবে তারিক কাজ চালিয়ে যাচ্ছে। তবে ওকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কেননা, গোঁড়ালিতে এখনও কিছুটা ব্যথা আছে তার। খুবই ভালোভাবে রিকভারি চলছে ওর, দেখা যাক আজকের ট্রেনিং সেশনের পর কি হয়। আগেভাগে তারিককে নিয়ে কিছু বলতে চাই না। যদি সে ভালো বোধ করে খেলবে, না হলে ভুটান ম্যাচের মতোই অন্যরা আসবে তার জায়গায়। এটা নিয়ে খুব বেশি ভাবছি না।”

চার দলের কোচ ও অধিনায়কের নিয়ে হওয়া সংবাদ সম্মেলনেও কাবরেরাকে খুব একটা চিন্তিত দেখা যায়নি। অনুশীলনেও তপু-জামালদের দেখা গেছে হাসি-খুশি মেজাজে। দাপুটে কুয়েতকে আটকাতে যেন নির্ভার থেকে খেলার কৌশলটাই নিচ্ছে বাংলাদেশ।