২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৃত্যুকূপ পেরোতে মিলান ম্যাচ গুরুত্বপূর্ণ’, বললেন এনরিকে

বরাবরের মতো আক্রমণাত্মক ফুটবলের ছকে থাকার বার্তাও এসি মিলানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দিয়েছেন পিএসজি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 03:17 PM

Updated : 25 Oct 2023, 03:17 PM

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের ধাক্কায় বিপদেই পড়ে গেছে পিএসজি। ঘুরে দাঁড়িয়ে পথে ফিরতে হলে তাদেরকে টপকাতে হবে এসি মিলান বাধা। পিএসজি কোচ লুইস এনরিকে আগ্রাসী ফুটবল খেলেই ‘মৃত্যুকূপের’ বৈতরণী পেরিয়ে উঠতে চান পরের ধাপে।

এ মুহূর্তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের টেবিলে শীর্ষে রয়েছে নিউক্যাসল, যাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪-১ গোলে উড়ে গিয়েছিল পিএসজি। লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

টেবিলে পিএসজির চেয়ে পিছিয়ে মিলান। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেরি আর দলটি। ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে বরুশিয়া ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা, তাতে পরের ধাপে যাওয়ার দরজা খোলা আছে চার দলের সামনেই।

ইউরোপ সেরার আসরে পিএসজির পরের দুই ম্যাচের প্রতিপক্ষ মিলান। প্রতিযোগিতার সাত বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বুধবার বাংলাদেশ সময় রাত ১টার প্রথম লেগের ম্যাচটি নিয়ে আপাতত যত ভাবনা এনরিকের।

“গত দুই রাউন্ডের ফলাফল বিবেচনায় মিলানের বিপক্ষে ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা একটা ম্যাচ করে ভাবছি, মনোযোগ দিচ্ছি। এসি মিলানের আসল বিষয়টা হলো তারা দারুণ একটি দল, যারা সবসময় মেজর টুর্নামেন্টগুলোয় খেলে।”

“বিশ্বের প্রতিটি ক্লাবের উত্থান-পতন আছে, কিন্তু এ মুহূর্তে এসি মিলান ভালো করছে। এ কারণেই এটি ‘গ্রুপ অব ডেথ’: পরের ধাপে যাওয়ার সুযোগ আছে সব দলেরই।”

শঙ্কার মেঘটুকু সরিয়ে নিজেদের সম্ভাবনা আরও উজ্জ্বল করতে এনরিকে ছক কষছেন আক্রমণাত্মক ফুটবল খেলার। মিলান ম্যাচের জন্য প্রস্তুতিও সেভাবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

“বরাবরের মতোই আক্রমণাত্মক খেলব, আমরা সেই দল, যারা সবসময় আক্রমণ করে। প্রতিপক্ষের চেয়ে সবসময় বল পজেশনে এগিয়ে থাকি আমরা। নিজেদের রক্ষণও আমাদের সামলে রাখতে হবে। যা দেখেছি, ছেলেদের অনুশীলন দেখে যা বুঝেছি, তাতে আশাবাদী আমি।”