ক্লপের চোখে বেলিংহ্যাম অসাধারণ
গণমাধ্যমের খবর, তাকে দলে টানতে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে প্রস্তুত লিভারপুল ও রিয়াল মাদ্রিদ।
অল্প বয়সেই মাঝমাঠের দারুণ খেলোয়াড় হয়ে উঠেছেন জুড বেলিংহ্যাম। ক্লাব ও জাতীয় দলে আলো ছড়াচ্ছেন নিয়মিত। তরুণ এই ইংলিশ মিডফিল্ডারের পারফরম্যান্সে মুগ্ধ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ছিলেন ১৯ বছর বয়সী বেলিংহ্যাম। কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটির হয়ে গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে একটি গোলও করেন তিনি।
১৭ বছর বয়সে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর থেকে দারুণ খেলছেন বেলিংহ্যাম। চলতি মৌসুমে বুন্ডেসলিগার দলটির নেতৃত্বও দিচ্ছেন তিনি। গণমাধ্যমের খবর, তাকে দলে ভেড়াতে চায় লিভারপুল ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত দল দুটি।
বিশ্বকাপ বিরতির পর অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে সোমবার আবার মাঠে নামবে লিভারপুল। বেলিংহ্যামকে নিয়ে তাদের আগ্রহের ইঙ্গিত পাওয়া যায় ক্লপের কথায়।
“তার (বেলিংহ্যাম) মতো একজন খেলোয়াড়কে নিয়ে যখন আলোচনা হয়, তখন আমি অর্থ নিয়ে কথা বলা পছন্দ করি না। সবাই দেখছে, সে অসাধারণ একজন ফুটবলার।”
বার্মিংহ্যাম সিটি থেকে ২০২০ সালে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। এখন পর্যন্ত দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১২ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন তিনি। সতীর্থদের ১৯টি গোলেও অবদান রেখেছেন দারুণ সম্ভাবনাময় এই ফুটবলার।
