২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছরের চুক্তিতে চেলসিতে মিডফিল্ডার রোমেও

এই বেলজিয়ানের জন্য চেলসির খরচ ৫ কোটি ৩০ লাখ পাউন্ড, খবর বিবিসির।

৭ বছরের চুক্তিতে চেলসিতে মিডফিল্ডার রোমেও

চেলসির নতুন মিডফিল্ডার রোমেও লাভিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 04:32 PM

Updated : 18 Aug 2023, 04:36 PM

খেলোয়াড় কিনেই চলেছে চেলসি। মাঝমাঠে নতুন আরেকজন খেলোয়াড় যোগ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সাউথ্যাম্পটন থেকে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার রোমেও লাভিয়া।

ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে রোমেওকে দলে ভেড়ানোর খবর জানায় চেলসি। ইংলিশ দলটির সঙ্গে ৭ বছরের জন্য চুক্তি হয়েছে তার। ট্রান্সফার ফি অবশ্য বলা হয়নি।

তবে বিবিসির খবর অনুযায়ী, ৫ কোটি ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে ১৯ বছর বয়সী এই ফুটবলারকে দলে টেনেছে চেলসি। বোনাসসহ যোগ হতে পারে আরও ৫০ লাখ পাউন্ড।

সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাউথ্যাম্পটনের জার্সিতে ৩৪টি ম্যাচ খেলেছেন রোমেও। দলকে প্রিমিয়ার লিগে রাখতে পারেননি তিনি। গত মৌসুম শেষে অবনমন হয়েছে সাউথ্যাম্পটনের।

এক ঝাঁক খেলোয়াড় কিনেও গত মৌসুমটা ভালো যায়নি চেলসির। লিগে ১২তম হয় তারা, ফলে এই মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারছে না তারা। চলতি মৌসুমে বিভিন্ন পজিশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। এর মধ্যে রয়েছেন মিডফিল্ডার মোইসেস কাইসেদো, গোলরক্ষক রবের্ত সানচেস, ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুরা।

লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে নতুন মৌসুম শুরু করেছে মাওরিসিও পচেত্তিনোর দল।