সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ
দুদকের উপসহকারী পরিচালক খাইরুল হাসান সংস্থার পক্ষে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
দুর্নীতির মামলায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক খাইরুল হাসান সংস্থার পক্ষে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
শম্ভুর আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে গত বছরের ২৯ জানুয়ারি দুর্নীতির অভিযোগে মামলা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করার জন্য তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা আবশ্যক।
সূচনা ফাউন্ডেশনের আবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমা সংক্রান্ত রেকর্ডপত্র তৈরি করে। অডিট প্রতিবেদনে আয়কর খরচ হিসেবে ওই টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রদর্শন করে সরকারি ৯৯ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেছে।
এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ মোট লেনদেনের অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুদক মামলা করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
