গুয়ার্দিওলার মাঝে আরও সাফল্যের ক্ষুধা দেখছেন রদ্রি
ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারের মতে, স্প্যানিশ এই কোচ সর্বকালের সেরাদের একজন।
ম্যানচেস্টার সিটি অধ্যায়ের শুরু থেকেই অসাধারণ সময় কাটছে পেপ গুয়ার্দিওলার। নিয়মিত পাচ্ছেন ইর্ষনীয় সব সাফল্য। সবশেষ মৌসুমে তার হাত ধরে ক্লাবটি জিতেছে ঔতিহাসিক 'ট্রেবল'। এরপরও তার মাঝে তাড়নার কোনো কমতি দেখেন না রদ্রি। সিটির এই মিডফিল্ডার বললেন, সাফল্যের জন্য আগের মতোই ক্ষুধার্ত স্প্যানিশ কোচ।
২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের পাশাপাশি ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নন্স লিগ জেতে সিটি। ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারানো ফাইনালে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন রদ্রি।
সিটির আগে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে এই ট্রেবল জিতেছিল কেবল ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৮-৯৯)।
২০১৬ সালে সিটির ডাগআউটে যোগ দেন গুয়ার্দিওলা। তার হাত ধরে এখন পর্যন্ত পাঁচটি প্রিমিয়ার লিগ, চারটি লিগ কাপ, দুটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ক্লাবটি। এত এত অর্জনের পরও সাবেক বার্সেলোনা কোচের মানসিকতায় কোনো পরিবর্তন দেখেন না রদ্রি।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে এখন জাপান সফরে আছে সিটি। প্রীতি ম্যাচে বুধবার তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের আগে গুয়ার্দিওলাকে নিয়ে রদ্রি বলেন, অভিজ্ঞ এই কোচের জেতার তীব্র আকাঙ্ক্ষা তাদের আরও তাড়িত করে।
“আমরা যা জানি তা হলো, তিনি নিশ্চিতভাবেই সর্বকালের সেরাদের একজন। তিনি যেখানেই গেছেন সেখানেই তা করে দেখিয়েছেন। তার মধ্যে সবসময় আবারও জয়ের তাড়না কাজ করে।”
“তার সম্পর্কে আমি এটাই বলতে পারি। তিনি আগামী বছর আরও বেশি কিছু জিততে চান। তার এমন মানসিকতা আমাদের জন্য খুব, খুব কাজে দেয়, কারণ তার (জেতার) এই ক্ষুধা আমাদের আবার ভালো করতে অনুপ্রাণিত করে।”
