২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলের বিপক্ষে জয় ক্লপের কাছে ‘বিরল এবং সুপার স্পেশাল’

দুই দশকের কোচিং ক্যারিয়ারে এমন ম্যাচ আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেছেন লিভারপুল কোচ।

নিউক্যাসলের বিপক্ষে জয় ক্লপের কাছে ‘বিরল এবং সুপার স্পেশাল’

জয়ের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের উদযাপনই বলে দিচ্ছে সবকিছু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 05:56 PM

Updated : 28 Aug 2023, 06:11 PM

ইয়ুর্গেন ক্লপের কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর গল্প কতই না লিখেছে লিভারপুল। তবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় যেন বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেছে স্বয়ং ক্লপের। দুই দশকের কোচিং ক্যারিয়ারে এমন ম্যাচ আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেছেন এই জার্মান কোচ। এটিকে তার সেরা জয়গুলির একটি হিসেবে দেখছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ম্যাচের ২৫তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে লিভারপুল। তিন মিনিট পর তারা ধাক্কা খায় আরেকটি। নিউক্যাসলের আলেক্সান্দার ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

বেশিরভাগ সময় ১০ জনের দল নিয়ে লিভারপুলের পরাজয় একটা পর্যায়ে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ৮০ মিনিট পর্যন্তও ১-০ গোলের লিড ধরে রেখেছিল নিউক্যাসল। তবে ৭৮তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের বদলি নামা দারউইন নুনেস পাল্টে দেন চিত্র। উরুগুয়ের এই ফরোয়ার্ড সমতা টানেন ৮১তম মিনিটে। পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি গোল করে তিনি ২-১ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন দলকে।

Image

বদলি নেমে জোড়া গোল করে লিভারপুলের জয়ের নায়ক দারউইন নুনেস।

২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরে আসার পর অ্যানফিল্ডে ৪-০ গোলের স্মরণীয় জয়ে ফাইনালে উঠেছিল লিভারপুল। প্রতিপক্ষ, পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিউক্যাসলের বিপক্ষে ম্যাচকে বার্সেলোনা ম্যাচের চেয়েও কঠিন হিসেবে দেখছেন ক্লপ।

“(কোচ হিসেবে এটা সেরা জয়গুলোর একটি কিনা) অবশ্যই। এটা বার্সেলোনা ম্যাচের চেয়েও বেশি কঠিন ছিল। আমার এক হাজার ম্যাচের কোচিং ক্যারিয়ারে এমন ম্যাচ আমি কখনোই দেখিনি। ১০ জনের দল নিয়ে এমন পরিবেশে এমন প্রতিপক্ষের বিপক্ষে…আমি নিশ্চিত এমন কিছু আগে কখনোই ঘটেনি। এই মুহূর্তটুকু বিরল এবং সুপার স্পেশাল।”

প্রথমার্ধের বিরতিতে দলকে কীভাবে উজ্জীবিত করেছিলেন, সেটিও তুলে ধরলেন লিভারপুল কোচ।

“বিরতিতে বলেছি, এই ম্যাচ হতে পারে আমাদের নাতি-নাতনিদের বলার মতো গল্প। ১০ দিন পর আমার নাতির সঙ্গে দেখা হবে, আমিও বলব। তখন দুটি বিষয় পরিষ্কার ছিল: আমাদের দ্বিতীয় গোল হজম করা যাবে না এবং ট্রেন্ট (আলেকজান্ডার-আর্নল্ড) আরেকটি হলুদ কার্ড পেতে পারবে না, আর তাহলে আমাদের একটি সুযোগ থাকবে। ছেলেরা সেটিই করে দেখিয়েছে।”