২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি হকিতে ব্যর্থতার বৃত্ত ভাঙল পদ্মা

টানা দুই হারের পর প্রথম জয় পেয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 09:54 PM

Updated : 02 Nov 2022, 01:08 AM

শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাল সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। হজম করল একের পর এক গোল। তাদের হারিয়ে ফ্র্যাঞ্চাইজি হকিতে প্রথম জয় তুলে নিল শুরুর মলিনতা কাটিয়ে ওঠা মোনার্ক পদ্মা। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার খুলনাকে ৬-৩ গোলে হারিয়েছে পদ্মা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল খুলনা। 

দুই দলই নেমেছিল প্রথম জয়ের খোঁজে। তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক খোরশেদুর রহমান এগিয়ে নেন খুলনাকে। এরপরই তাদের শুরুর ছন্দ মিইয়ে যায়। 

সপ্তম মিনিটে কৃষ্ণা কুমার সমতা ফেরানোর পর সাইফ খান ও নাইম উদ্দিনের ফিল্ড গোলে ছুটতে থাকে পদ্মা। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে খোরশেদের পিসি গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় খুলনা।

তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে খুলনাকে পাত্তাই দেয়নি পদ্মা। ৫৪তম মিনিটে পিসি থেকে নাইম লক্ষ্যভেদের পর কৃষ্ণা ফিল্ড গোল করেন, এরপর ৫৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসু। 

শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে খুলনার অস্ট্রিয়ান ফরোয়ার্ড মর্তিজ ফেরির গোল হারের ব্যবধানই কেবল কমায়।

জিতেই চলেছে মেট্রো বরিশাল

জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে দুই দলই উপহার দিল জমজমাট ম্যাচ। শেষ পর্যন্ত একমি চট্টগ্রামকে ৪-৩ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল মেট্রো এক্সপ্রেস বরিশাল।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে হাসান যুবায়ের নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। এরপর ২৪ থেকে ৩৬-এই আট মিনিটে তিন গোল করে বরিশাল। রোমান সরকার ও দ্বীন ইসলাম ইমনের দুটি ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন মামুনুর রহমান চয়ন।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে চট্টগ্রামের পাকিস্তানি খেলোয়াড় গাজানফার আলি পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক কাজে লাগিয়ে সমতা ফেরালে জমে ওঠে লড়াই।

৫৬তম মিনিটে বরিশালের মালয়েশিয়ান ফরোয়ার্ড ফিতরি বিন সারির ফিল্ড গোল শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।