‘অনেক বদলে গেছে চেলসি’
সে কারণেই স্ট্যামফোর্ড ব্রিজের দলটির বর্তমান অবস্থা দেখে খুব একটা কষ্ট পাননি টমাস টুখেল।
এক দিকে নতুন চাকরি পেয়েছেন টমাস টুখেল আরেক দিকে ফের কোচের সন্ধানে নেমেছে চেলসি। ইংলিশ ফুটবলে দলটির কাটছে নিদারুণ দুঃসময়। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিকে এখনও ভীষণ ভালোবাসেন এক সময়ের কোচ টুখেল। কিন্তু তাদের পরিণতি দেখে তার ততটা কষ্ট লাগছে না। কারণ, অনেক বদলে গেছে চেলসি।
২০২১ সালের শুরুতে চেলসির কোচ হয়ে আসেন টুখেল। ওই বছর দলকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবে চলতি মৌসুমের শুরুর দিকে দলের ব্যর্থতার জেরে চাকরি হারান তিনি। সময়ের পরিক্রমায় জার্মান এই কোচ এখন বায়ার্ন মিউনিখের ডাগআউটে।
টুখেলের জায়গায় চেলসির কোচ হয়ে আসেন গ্রাহাম পটার। তবে দলের ধারাবাহিক ব্যর্থতায় খুব বেশি দিন থাকতে পারেননি তিনিও। প্রিমিয়ার লিগের ১১তম স্থানে থাকা ক্লাবটি গত রোববার ছাঁটাই করে ইংলিশ এই কোচকে।
বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর ৫২ বছর বয়সী টুখেল বলেছিলেন, চেলসি তার কাছে পরিবারের মতো এবং বরখাস্ত হওয়ার বিষয়টি মেনে নেওয়া তার জন্য কঠিন ছিল। জার্মান কাপে ফ্রাইবুর্কের বিপক্ষে বায়ার্নের ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে ফের ইংলিশ ক্লাবটি নিয়ে কথা বললেন টুখেল।
“চেলসি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে আমার বেশ কিছুটা সময়ের দরকার ছিল, কারণ আমি সেখানে সত্যিই কাজ করতে পছন্দ করতাম এবং সারা জীবনের জন্য কিছু বন্ধু গড়ে তুলতে পেরেছি।”
“সময়টা খুব অসহনীয় ছিল, কিন্তু ক্লাবটি ব্যাপকভাবে বদলে গেছে। এটাই আমাকে কিছুটা দূরত্ব তৈরি করতে সাহায্য করে। এজন্য বিষয়টি আমাকে তেমন একটা স্পর্শ করেনি। তাই আমার (চেলসিকে) কোনো পরামর্শ দিতে হবে না, কারণ আমি যে ক্লাবের জন্য কাজ করেছি সেটা এখনকার চেয়ে ভিন্ন ছিল।”
