২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে ৮৩ লাখ পাউন্ড দিতে ইউভেন্তুসকে আদালতের নির্দেশ

বকেয়া বেতন বাবদ পর্তুগিজ তারকাকে এই অর্থ দিতে ইউভেন্তুসকে নির্দেশ দিয়েছে ইতালির একটি আদালত।

রোনালদোকে ৮৩ লাখ পাউন্ড দিতে ইউভেন্তুসকে আদালতের নির্দেশ

যখন ইউভেন্তুসের খেলোয়াড় ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 05:15 PM

Updated : 18 Apr 2024, 05:15 PM

সাবেক ক্লাব ইউভেন্তুসের থেকে বকেয়া বেতন পাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে ৮৩ লাখ পাউন্ড দিতে সেরি আর ক্লাবটিকে নির্দেশ দিয়েছে ইতালির একটি আদালত। 

২০২০-২১ মৌসুমে কোভিড মহামারীর সময়ে ইতালিতে ফুটবল বন্ধ হয়ে গেলে ক্লাবের থেকে দেরিতে বেতন নিতে রাজি হয়েছিলেন রোনালদো। সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড দাবি করেন, বেতন বাবদ ইউভেন্তুসের থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডের বেশি পাওনা ছিল তার। 

ক্রীড়ার সর্বোচ্চ আদালত বা ‘দা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) বলেছে, কর এবং অন্যান্য ফি কাটার পর রোনালদো যা অর্থ পাবেন, তা ক্লাবের দিতে হবে।

ইউভেন্তুস বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে তারা। 

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তিন মৌসুম ইউভেন্তুসের হয়ে খেলেন রোনালদো। দলটির দুটি সেরি আ শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। 

তুরিনের ক্লাবটি ছাড়ার পর দ্বিতীয় মেয়াদে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।এই দফায় ১৬ মাস ওল্ড ট্র্যাফোর্ডে কাটানোর পর সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী তারকা।