০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে ছাড়া পর্তুগাল কেমন করবে, দেখতে চায় নরওয়েও

অধিনায়ককে ছাড়া আগের ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া পর্তুগাল দল সেই ধারা ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার।

রোনালদোকে ছাড়া পর্তুগাল কেমন করবে, দেখতে চায় নরওয়েও

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:16 PM

Updated : 03 Oct 2026, 07:37 PM

নরওয়ের বিপক্ষে গত সপ্তাহের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো থেকেও ‘ছিলেন না’, আর আসছে ম্যাচে তিনি একদমই নেই। হঠাৎ তার ক্যাম্প ছেড়ে চলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। সেই সঙ্গে কয়েক বছরের বেশ আলোচিত প্রশ্নটাও উঠছে ঘুরেফিরে-এখনকার রোনালদোকে ছাড়াই কি আরও ভালো দল পর্তুগাল? নরওয়ের মিডফিল্ডার পাত্রিক বার্গ বললেন, তারাও সেটা দেখার অপেক্ষায় আছেন।

নরওয়ের বিপক্ষে সবশেষ মুখোমুখি লড়াইয়ের পুরোটা সময় বেঞ্চে কেটে যায় রোনালদোর, এবং সেখান থেকেই পর্তুগিজ ফুটবলের সময়ের সবচেয়ে আলোচিত সমস্যার শুরু। জোয়াও ফেলিক্স ও গসালো রামোসের গোলে সেই ম্যাচ ২-১ ব্যবধানে জেতে পর্তুগাল।

পরের দু্ই দিন দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো এবং তাতে সংবাদমাধ্যমে নানা গুঞ্জন ডালপালা মেলে। কোচ জর্জে জেসুসের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েনের খবরও আসে। এর মাঝে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন গত বুধবার অভিমান করেই কিনা ক্যাম্প ছেড়ে চলে যান আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড ১৪৬টি গোল করা মহাতারকা। পরে বার্তা দেন, সময় হলেই কারণ ব্যাখ্যা করবেন তিনি, তাতে সেইসব গুঞ্জন আরেকটু জোরাল হয়।

অধিনায়ক চলে গেলেও, ডেনিশদের বিপক্ষে পর্তুগিজদের পারফরম্যান্সে তেমন কোনো বিরুপ প্রভাব পড়েনি। বেশ দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলে জয় পায় তারা। নরওয়ের বিপক্ষে দ্বিতীয় লেগেও সেই ধারা তারা ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার।

ম্যাচটির আগের দিনের সংবাদ সম্মেলনে বার্গকে প্রশ্ন করা হলো, ৪১ বছর বয়সি রোনালদোকে ছাড়া এই পর্তুগাল বেশি শক্তিশালী কি না। তারাও এর উত্তর খুঁজছেন, জানালেন বার্গ।

“এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন, কারণ তাকে ছাড়া পর্তুগালকে আমরা দেখিনি। রোনালদোর ক্যারিয়ার সম্পর্কে এবং তিনি যত কিছু অর্জন করেছেন, সবাই জানে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে সেরা খেলোয়াড়দের একজন তিনি।

“রোনালদোকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, তাকে ছাড়া পর্তুগাল কেমন পারফর্ম করে।”

এবারের নেশন্স লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল।

সমান ৩ করে পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।