‘আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, তাতে কিছু যায় আসে না’
ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়ে অবদান রাখার পর এমন বার্তা দিয়েছেন লামিন ইয়ামাল।
ব্যালন দ’র ঘিরে মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়া লামিন ইয়ামাল এবার যেন তার সমালোচকদের জবাব দিয়েছেন। নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়ে অবদান রাখার পর তরুণ সেনসেশন বলেছেন, তাকে কেউ ভালোবাসুক কিংবা ঘৃণা করুক, তাতে তার কিছু যায় আসে না।
ওয়েম্বলিতে শনিবার ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশন্স লিগের অভিযান শুরু করেছে স্পেন।
ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেন ইয়ামাল। পরে অবশ্য প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অ্যালেক্স বায়েনা সমতা ফেরানোর পর জয়সূচক গোল করেন মিকেল ওইয়ারসাবাল।
ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ইয়ামাল লেখেন, “আমাকে ঘৃণা করো কিংবা ভালোবাস, তাতে আমার কিছু যায় আসে না।”
নিজেকে এবারের ব্যালন দ’র জয়ের যোগ্য মনে করেন ইয়ামাল। এনিয়ে নানা মন্তব্যও করেন তিনি। আর এই কারণে সম্প্রতি সমালোচনার শিকার হন বার্সেলোনার এই তারকা।
আগামী বুধবার বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে (এএম) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।
