কেইন ব্যালন দ’র জয়ের ‘যোগ্য’, ইয়ামালের ‘প্রতিক্রিয়ায়’ খুশি ফ্লিক
লামিন ইয়ামাল এবার বর্ষসেরার পুরস্কারটি জিততে না পারলেও তাকে নিয়ে গর্বিত বার্সেলোনা কোচ।
এই বছরের ব্যালন দ’র জয়ের আশা পূরণ হয়নি লামিন ইয়ামালের। তবে তরুণ এই তারকাকে নিয়ে খুবই গর্বিত হান্সি ফ্লিক। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড যেভাবে বিষয়টি গ্রহণ করেছেন, তাতে খুশি বার্সেলোনা কোচ। তার মতে, যোগ্য হিসেবেই বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন হ্যারি কেইন।
ইয়ামালের ব্যালন দ’র জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল অনেক। গত মৌসুমে বার্সেলোনার তিনটি শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল তার। পরে স্পেনের হয়ে জেতেন বিশ্বকাপ।
তবে শেষ পর্যন্ত ইয়ামাল ও রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন কেইন। গত সোমবার লন্ডনের অনুষ্ঠানে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকারের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
গত বছর ভোটে দ্বিতীয় হওয়া ইয়ামাল এবার হন তৃতীয়। শুক্রবার সংবাদ সম্মেলনে ১৯ বছর বয়সি তারকার ব্যালন দ’র জিততে না পারা নিয়ে মতামত জানতে চাওয়া হয় ফ্লিকের কাছে।
“হ্যারি কেইনও জয়ের যোগ্য। লামিন সম্পর্কে আমার মতামত আপনারা জানেন; আমার মনে হয়, এই ট্রফি জেতার মতো সামর্থ্য তার আছে। তাকে এবং পুরো দলকে সে কথাই বলেছি আমি। পাউ কুবার্সিও (কোপা ট্রফি) জয়ের যোগ্য ছিল; সে অসাধারণ এক মৌসুম কাটিয়েছে এবং বিশ্বকাপে দারুণ খেলেছে।
“তবে আমি যা দেখছি এবং অনুভব করছি তা হলো, লামিনকে নিয়ে আমি খুবই গর্বিত। সে খুব ভালোভাবে বিষয়টি গ্রহণ করেছে এবং অনুশীলনের সময় তাকে খুব মনোযোগী দেখেছি। চ্যাম্পিয়নরা এভাবেই প্রতিক্রিয়া দেখায়; এই মানসিকতা নিয়ে যে পথে সে এগিয়ে যাচ্ছে, তাতে আমি খুবই খুশি।”
ব্যালন দ’র জিততে না পারলেও টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জেতেন ইয়ামাল। ফ্লিক বললেন, বিষয়টি শেষ হয়ে যাওয়ায় এখন মৌসুমের দিকে ভালোভাবে মনোযোগ দিতে পারবেন তারা।
“আমরা বিষয়টি মেনে নিয়েছি। ভালো হয়েছে যে, এটি শেষ হয়েছে, এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে পারব আমরা।”
