মালদ্বীপের বিপক্ষে জয় কাবরেরার চোখে ‘দুর্দান্ত অর্জন’
সেমি-ফাইনালের লক্ষ্য পূরণে কাজ এখনও বাকি রয়ে গেছে বলে দলকে সতর্ক করে দিলেন কোচ।
২০০৩ থেকে ২০২৩; ব্যবধান ২০ বছরের। দুই দশক আগে ঢাকায় মালদ্বীপকে হারিয়ে প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। এতদিন পর এই প্রতিযোগিতায় দ্বীপ দেশটির বিপক্ষে প্রথম জয় পেল লাল-সবুজেরা। টিকে থাকল সেমি-ফাইনালের দৌড়ে। সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও তাই মিশে রইল ‘দুর্দান্ত অর্জনের’ উচ্ছ্বাস।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে রোববার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর কঠিন পথ বেয়ে জয়টি এসেছে বলে কাবরেরার তৃপ্তি আরও বেশি।
“এটা আমাদের জন্য দুর্দান্ত অর্জন। আমরা সবাই জানি, ৩ পয়েন্ট পাওয়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটি আমরা এক পয়েন্ট পাওয়ার জন্য খেলতে পারতাম না, কেননা, এক পয়েন্ট আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমরা জানতাম, আমাদেরকে শক্তিশালী এবং খুবই আগ্রাসী হতে হবে এবং আমরা সেটাই হয়েছি।”
“প্রথম গোলটি খাওয়ার পর বিষয়গুলো আগের মতো ছিল না। ছেলেরা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল। এই জয়ের পুরো কৃতিত্ব তাদের। বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে ছেলেরা আরও বেশি নিজেদের মেলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমিও।”
প্রথমার্ধের শেষ দিকে রাকিব হোসেনের গোলে নড়বড়ে হয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কাজী তারিক রায়হান ও শেষ দিকে শেখ মোরসালিনের গোলে দারুণ জয় তুলে নেয় দল। কাবরেরা জানালেন, পিছিয়ে পড়লেও একই ছন্দে খেলার বার্তাই দিয়েছিলেন দলকে।
“একই মোমেন্টামে খেলে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের। শুরুটা খুবই ভালো হয়েছিল, কিন্তু হঠাৎই গোল খেলাম। তখনও মাথা ঠাণ্ডা রেখে খেলতে চেয়েছিলাম আমরা এবং দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আর কোনো গোলের সুযোগ না দিতে আরও দৃঢ়তা নিয়ে খেলতে চেয়েছিলাম। কমপক্ষে দুই গোল করার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাস ছিল আমাদের।”
এমন জয়ের ম্যাচে কোচের চিন্তা বাড়িয়েছে তারিকের চোট পেয়ে মাঠ ছাড়া। তবে নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে ভূটান ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। প্রশংসা করলেন ম্যাচজুড়ে দারুণ খেলা আরেক ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষেরও।
“মেডিকেল টিম পর্যবেক্ষণ করবে তারিকের অবস্থা। আশা করি, সে ভূটান ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবে। বিশ্বনাথ খুবই ভালো খেলেছে, সে লড়াকু ফুটবলার। তবে এই জয় দলীয় প্রচেষ্টার ফল। নির্দিষ্ট কারো পারফরম্যান্স দেখতে চাই না আমি, আমার চোখে সবাই সম্মিলিতভাবে লড়াই করেছে এবং সবাই কৃতিত্ব পাওয়ার যোগ্য।”
দারুণ জয়ে টুর্নামেন্টে টিকে থাকার স্বস্তি মিলেছে, কিন্তু বাংলাদেশের চাওয়া-পাওয়ার হিসেবটা এখনও মেলেনি পুরোপুরি। তা মেলাতে আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। মালদ্বীপ বাধা পেরুনোর পর এখন ভূটান ম্যাচ নিয়ে ভাবতে চান কোচ।
“নিজেদের সামর্থ্যে বিশ্বাস ছিল ছেলেদের। এ কারণেই তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছে। এখন আমাদের সামনে সুযোগ সেমি-ফাইনালে ওঠার। মালদ্বীপ ম্যাচের জয় স্রেফ আমাদের টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে, কিন্তু ভূটানের বিপক্ষে আরেকটি ফাইনাল রয়েছে।”
