২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি হারালেন লাইপজিগ কোচ তেদেস্কো

ইউরোপ সেরার মঞ্চে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পর এলো এই ঘোষণা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 07:33 PM

Updated : 07 Sep 2022, 07:33 PM

ঘরোয়া লিগে বাজে শুরুর পর ইউরোপ সেরার মঞ্চে প্রথম ম‍্যাচে হার। চাপে থাকা দোমেনিকো তেদেস্কো আর টিকতে পারলেন না লাইপজিগে। প্রধান কোচের পদ থেকে তাকে ছাঁটাই করল জার্মানির ক্লাবটি।

৩৬ বছর বয়সী তেদেস্কোর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা বুধবার জানায় লাইপজিগ। চ‍্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পরদিনই আসে এই ঘোষণা।

গত ডিসেম্বরে বুন্ডেসলিগার ক্লাবটিতে যোগ দেন তেদেস্কো। তার কোচিংয়ের শুরুতে ভালোই করেছিল দলটি; গত বুন্ডেসলিগায় ১১ নম্বর থেকে তারা উঠে আসে চার নম্বরে। জায়গা করে নেয় ইউরোপ সেরার মঞ্চে।

তেদেস্কোর সময়েই প্রথম কোনো মেজর শিরোপা জেতে লাইপজিগ। সবশেষ জার্মান কাপের ফাইনালে টাইব্রেকারে তারা হারায় ফ্রাইবুর্ককে।

কিন্তু এবারের মৌসুমের শুরুটা একদমই বাজে কাটছে লাইপজিগের। বুন্ডেসলিগায় পাঁচ ম্যাচে জয় কেবল একটি। গত সপ্তাহে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরে যাওয়া দলটি আছে ১১ নম্বরে।

আগামী শনিবার বুন্ডেসলিগার ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে লাইপজিগ।