২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ থেকে ৯৩ মিনিট পর্যন্ত নিখুঁত পারফরম্যান্সের তৃপ্তি গুয়ার্দিওলার

শুরুতে পিছিয়ে পড়লেও দলের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 08:27 PM

Updated : 01 Apr 2023, 08:27 PM

ধাক্কা বলতে শুরুতে পিছিয়ে পড়া। এরপর দাপুটে ফুটবলের পসরা মেলল ম্যানচেস্টার সিটি। ‘হাইভোল্টেজ’ ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল তারা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলটির কোচ পেপ গুয়ার্দিওলার কণ্ঠে ঝরল ‘নিখুঁত’ ম্যাচ খেলার তৃপ্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে ৪-১ গোলে হারায় সিটি। মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর সিটির হয়ে একটি করে গোল করেন হুলিয়ান আলভারেস, কেভিন ডে ব্রুইনে, ইলকাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশ।

দারুণ এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গেও পয়েন্ট ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনল সিটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে গুয়ার্দিওলার দল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল দিনে পরের ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে।

সালাহ’র ওই গোলের মুহূর্তটি ছাড়া ম্যাচ জুড়ে একচ্ছত্র আধিপত্য ছিল সিটির। বিটি স্পোর্ট’কে ম্যাচ শেষে গুয়ার্দিওলাও জানান দারুণ পারফরম্যান্সের তৃপ্তি।

“প্রথম মিনিট থেকে ৯৩ মিনিট পর্যন্ত আমাদের পারফরম্যান্স ছিল নিখুঁত-যদিও শুরুর দিকে আমরা এক গোল হজম করেছিলাম, কিন্তু আমরা সত্যিই ভালো খেলেছি। ট্রানজিশনের সময় লিভারপুল সবসময় ভয়ঙ্কর, কিন্তু আমরা আসলেই ভালো খেলেছি। সাত বছরের মধ্যে আমাদের সেরা পারফরম্যান্সের একটি এই ম্যাচের পারফরম্যান্স।”

“ছেলেরা জানত, আমরা মন্দ খেলছিলাম না। এক গোলে পিছিয়ে যাওয়ার পর আমরা নিজেদের কাজ চালিয়ে গিয়েছিলাম এবং বিরতির সময় কিছুটা আলাপ সেরে নিয়েছিলাম; ভাগ্য ভালো ছিল যে, আমরা দ্বিতীয় গোলটা পাই এবং ২-১ স্কোরলাইন হলে আমি থিতু হই।”

সিটিকে সমতায় ফেরান আলভারেস। এই আর্জেন্টাইন পরে দুই গোলে রাখেন অবদান। স্বাভাবিকভাবেই তার প্রশংসায় পঞ্চমুখ গুয়ার্দিওলা।

“সে কেবল গোলই করেনি, দ্বিতীয় এবং তৃতীয় গোলে ভূমিকাও রেখেছে। বল পায়ে সে ছিল চতুর; সে একজন অসাধারণ খেলোয়াড়। তার সঙ্গে চুক্তি করে সিটি দুর্দান্ত একটি কাজ করেছে-তার মধ্যে কিছু আছে বলেই মেসির মতো সেও একজন বিশ্ব চ্যাম্পিয়ন।