২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে পেয়ে আরও জনপ্রিয় হবে এমএলএস, বিশ্বাস নেইমারের

নেইমার মনে করেন, আর্জেন্টাইন মহাতারকাকে পেয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন জাগরণ ঘটবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 04:05 PM

Updated : 13 Jun 2023, 04:35 PM

ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি, ঘোষণাটি আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে তাকে ঘিরে উন্মাদনা। মেজর লিগ সকারে আর্জেন্টাইন মহাতারকার খেলার ইতিবাচক দিক নিয়ে দারুণ আশাবাদী তার বন্ধু নেইমার। পিএসজি তারকা মনে করেন, মেসিকে পেয়ে দেশটির ফুটবল আরও জনপ্রিয় হবে।

কিছুদিনের জল্পনা কল্পনার পর গত বুধবার মেসি নিজেই জানান, পিএসজির সঙ্গে চুক্তি শেষে তিনি যোগ দেবেন ইন্টার মায়ামিতে।

ওই ঘোষণার পর থেকে হুহু করে বাড়ছে ইন্টার মায়ামির ইনস্টাগ্রাম ফলোয়ার। স্প্যানিশ পত্রিকা এএস-এর খবর, দলটির এই মৌসুমের বাকি সব ম্যাচের টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। এক ধাক্কায় টিকেটের দাম বেড়ে গেছে ১ হাজার ৩৪ শতাংশ!

সময়ের সঙ্গে মেসির উপস্থিতি যুক্তরাষ্ট্রের ফুটবলের আবেদন বিশ্বজুড়ে আরও বাড়িয়ে দেবে বলেই বিশ্বাস নেইমার। সম্প্রতি ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুভকামনা জানান রেকর্ড সাতবারের ব্যালন দ'র জয়ীকে।

“আমি মেসিকে আগেই বলেছি যে- এই শহর, এখানকার লাইফস্টাইল এবং এখানে থাকতে ও খেলার সুযোগ সুবিধা তার ভালো লাগবে।”

“আমি নিশ্চিত, লিও (মেসি) যুক্তরাষ্ট্রের লিগের চিত্র বদলে দেবে। আমার বিশ্বাস, লিগটি আরও বেশি জনপ্রিয় হবে। তাই সবাইকে সেটা কাজে লাগাতে হবে এবং তার খেলা উপভোগ করতে হবে, কারণ দুর্ভাগ্যবশত কোনো কিছুই চিরস্থায়ী হয় না।”

বার্সেলোনায় খেলার সময় থেকেই মেসি ও নেইমারের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। গত দুই মৌসুমে পিএসজিতে ফের একসাথে খেলেন তারা দুজন। খুব কাছ থেকে মেসিকে জানার সুযোগ পাওয়াটা এই ব্রাজিলিয়ানের কাছে বিশেষ কিছু।

“আমি আগেই জানতাম (মেসি ইন্টার মায়ামিতে যোগ দেবে)... মেসি আমার সেরা বন্ধুদের একজন। ফুটবলই আমাকে তার সঙ্গে সাক্ষাৎ, একসঙ্গে খেলার এবং এত সুন্দর বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ করে দিয়েছে।”