২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরের ম্যাচেই বেনজেমাকে পাওয়ার আশায় আনচেলত্তি

তবে এদের মিলিতাওকে নিয়ে তেমন কোনো আশা আপাতত নেই রিয়াল মাদ্রিদ কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 03:51 PM

Updated : 03 Feb 2023, 04:26 PM

ভালেন্সিয়া ম্যাচে ‘হালকা চোট’ পাওয়া করিম বেনজেমাকে নিয়ে খুব চিন্তার কিছু দেখছেন না কার্লো আনচেলত্তি। ফরাসি এই ফরোয়ার্ড দলের আগামী ম্যাচেই মাঠে ফিরবেন বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদ কোচের। 

লা লিগায় গত বৃহস্পতিবারের ম্যাচে মার্কো আসেনসিও ও ভিনিসিউস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে জেতে রিয়াল। ৬০তম মিনিটে বেনজেমাকে তুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামান আনচেলত্তি।

প্রাথমিকভাবে মনে হয়, ঊরুতে কিছুটা সমস্যা বোধ করছিলেন বেনজেমা। তার আগে প্রথমার্ধে চোট সমস্যায় মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী দলটির পরবর্তী ম্যাচ আগামী রোববার, লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে। চোট পাওয়া দুজনের মধ্যে এই ম্যাচে কেবল বেনজেমার খেলার সম্ভাবনা দেখেন আনচেলত্তি।

“করিমের (বেনজেমা) সমস্যা সামান্য বলে মনে হচ্ছে। তবে রোববারের ম্যাচে (এদের) মিলিতাওকে পাওয়া যাবে না।”

এই মৌসুমে নিজের প্রথম ৯ ম্যাচে পাঁচটি গোল করা বেনজেমা সবশেষ ১২ ম্যাচে দলের ১১টি গোলে রেখেছেন অবদান।

স্পেনের শীর্ষ লিগে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।