বেলিংহ্যামকে নিয়ে এবারের রেয়াল ‘ভিন্ন দল’, যা ভাবাচ্ছে গুয়ার্দিওলাকে
ছন্দে থাকা ইংলিশ এই মিডফিল্ডারকে আটকানোর পথ খুঁজছেন ম্যানচেস্টার সিটির কোচ।
রেয়াল মাদ্রিদে যোগ দিয়ে অল্প সময়েই দলের মূল খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন জুড বেলিংহ্যাম। একের পর এক ম্যাচে আলো ছড়িয়ে এই মিডফিল্ডার প্রতিপক্ষকে বাধ্য করছেন তাকে নিয়ে আলাদা করে ভাবতে। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলারও দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছেন এই ইংলিশ ফুটবলার।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্রয়ে রেয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সিটি। ইউরোপ সেরার মঞ্চে টানা তৃতীয়বারের মতো নকআউট পর্বে মুখোমুখি হবে দুই দল। আগের দুইবার তাদের দেখা হয়েছিল সেমি-ফাইনালে।
২০২১-২২ আসরে রেয়ালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে নাটকীয়ভাবে পিছিয়ে (৫-৬ গোলে) পড়ে ফাইনালে উঠতে পারেনি সিটি। গত মৌসুমে অবশ্য সেই আক্ষেপ দূর করে তারা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে ফাইনালে যায় ইংলিশ ক্লাবটি। পরে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় সিটি।
স্বাভাবিকভাবেই এবারের লড়াইয়ের আগে সিটির জন্য তা বাড়তি অনুপ্রেরণা যোগাবে। কিন্তু গুয়ার্দিওলা এই রেয়ালকে দেখছেন ভিন্ন চোখে। তার মতে, বেলিংহ্যাম আসায় আরও শক্তিশালী হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।
ক্যারিয়ারের শুরু থেকে উজ্জ্বল বেলিংহ্যাম বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে রেয়ালে যোগ দেন। এরপর ক্রমেই বের্নাবেউয়ের দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এখন পর্যন্ত দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলে তার গোল ২০টি, অ্যাসিস্ট ৯টি।
লা লিগায় ১৬ গোল করে এখন পর্যন্ত সবার ওপরে ২০ বছর বয়সী বেলিংহ্যাম। বাকি চারটি গোল করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের ৬ ম্যাচে। ইউরোপ সেরার মঞ্চে রেয়ালের মুখোমুখি হওয়ার আগে তাই এই ফুটবলারকে থামানোর পথ খুঁজছেন গুয়ার্দিওলা।
“তার (বেলিংহ্যাম) প্রভাব ব্যাপক। গত মৌসুমের চেয়ে এবার তাদের (রেয়াল মাদ্রিদ) দলটি ভিন্ন। দলে তার প্রভাব সুস্পষ্ট। মাঠে সে যা কিছু করে, তা নিয়ন্ত্রণ করার উপায় আমাদের খুঁজে বের করতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রেয়াল। তাদেরকে এই প্রতিযোগিতার ‘রাজা’ আখ্যা দিয়েছেন গুয়ার্দিওলা। নিজেদের সেরাটা দিয়ে ফের ইউরোপের সফলতম ক্লাবকে হারানোর প্রত্যয় জানালেন স্প্যানিশ এই কোচ।
“রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া সবসময়ই কঠিন চ্যালেঞ্জ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তারা অসাধারণ একটি ক্লাব। অতীতের অভিজ্ঞতা দিয়ে এই প্রতিযোগিতায় তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে।”
“গত মৌসুমের মতো এবারও তাদের জন্য কিছু ভালো মুহূর্ত থাকবে, আমাদের জন্যও কিছু মুহূর্ত থাকবে। আমরা যত বেশি ছন্দ ধরে রাখতে পারব, ততই (জয়ের) আরও কাছাকাছি যেতে পারব। মাদ্রিদে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব এবং এরপর এখানে আমাদের সমর্থকদের সামনে আবারও ভালো করার চেষ্টা করব।”
আগামী ৯ এপ্রিল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়ালের মুখোমুখি হবে সিটি।
