বার্সেলোনার হয়ে রেয়ালের বিপক্ষে খেলতে উন্মুখ জেসুস
ক্লাসিকোয় খেলার স্বপ্ন পূরণ হওয়ার দুয়ারে দাঁড়িয়ে রোমাঞ্চিত অভিজ্ঞ ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
আর্সেনাল থেকে এসে বার্সেলোনায় ভালোভাবেই মানিয়ে নিয়েছেন গাব্রিয়েল জেসুস। তার সামনে এবার চেনা প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ। কিন্তু নিজের জার্সি বদল হওয়ায় যে এবার আবহ সম্পূর্ণ বদলে গেছে, সেটা ভালোভাবেই বুঝতে পারছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত তিনি।
মৌসুমের প্রথম ক্লাসিকোয় রোববার মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল। খেলা হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের মাঠ কাম্প নউয়ে। কেজ টিভির সঙ্গে আলাপচারিতায় জেসুস বললেন, এই ম্যাচের অংশ হতে মুখিয়ে আছেন তিনি।
“প্রথমবার ক্লাসিকোয় খেলা সত্যিই স্বপ্নের মতো ব্যাপার। আমি কখনও এই আকাঙ্ক্ষা আড়াল করিনি যে, একদিন বার্সেলোনার জার্সি পরতে চাই। অনেক বছর আগে কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলাম, আমার লক্ষ্যের মধ্যে আছে ক্লাসিকোয় খেলা। এই ঘরানার অনেক ম্যাচেই আমি ক্যারিয়ারজুড়ে খেলেছি। যেমন- পালমেইরাস বনাম করিন্থিয়ান্স ম্যাচ এবং ইংল্যান্ডে এমন অনেক ম্যাচ। বার্সেলোনা বনাম রেয়াল মাদ্রিদ ম্যাচ হলো সন্দেহাতীতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের একটি।”
রেয়ালের বিপক্ষে তিনটি গোল করেছেন জেসুস। সবই ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে। গোল সংখ্যা আরও বাড়ানোর দিকে মনোযোগী তিনি।
“সেগুলো ছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে স্মরণীয় লড়াই। এর মধ্যে সান্তিয়াগো বের্নাবেউয়ে করা গোলও আছে। দুই ক্ষেত্রেই আমরা পরের ধাপে যেতে পেরেছিলাম।”
২০২০ সালের ২৬ ফেব্রুয়ারিতে রেয়ালের মাঠে নিজের প্রথম গোল করেন জেসুস। ইসকোর গোলে দল পিছিয়ে পড়ার পর তিনি সমতা ফেরান। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। পরে ফিরতি পর্বেও একই ব্যবধানে পাওয়া জয়ে গোল করেন জেসুস।
২০২২ সালের এপ্রিলে ফের মাদ্রিদের বিপক্ষে গোল করেন জেসুস। এবার ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩ গোলে জেতে স্বাগতিকরা।
বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় চারটি গোল করেছেন জেসুস।
