২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও চোট পেয়ে মাঠের বাইরে বেনজেমা

বাম পায়ের পেশির চোটে ভুগছেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 08:52 PM

Updated : 22 Oct 2022, 08:52 PM

চোটের ধাক্কায় প্রায় এক মাস বাইরে থাকার পর করিম বেনজেমার মাঠে ফেরা খুব বেশিদিন হয়নি। এর মাঝেই আরেক দফা চোট পেয়ে আবারও ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।

বাম পায়ের পেশিতে চোট পেয়েছেন গত সোমবার ব্যালন ডি’অর পুরস্কার জেতা বেনজেমা। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।

ক্লাবের ওয়েবসাইটে এদিনই বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। বেনজেমা কবে মাঠে ফিরতে পারেন, সেটা জানানো হয়নি। বলা হয়েছে, তার চোট পর্যবেক্ষন করা হবে।

গত সেপ্টেম্বরে ঊরুর চোটে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড প্রায় এক মাস বাইরে থাকার পর এই মাসের শুরুতেই মাঠে ফেরেন। ফেরার পর ছন্দ ফিরে পেতেও লড়াই করতে দেখা যায় তাকে। অবশেষে গত দুই ম্যাচে কিছুটা হলেও চেনা চেহারায় দেখা যায় তাকে। সবশেষ গত বুধবার লিগে এলচের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জালের দেখাও পান তিনি।

কিন্তু নতুন চোটে আবারও ভর করল শঙ্কা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ৬ গোল করেছেন বেনজেমা।

লিগে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির দল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু হবে কাতার বিশ্বকাপ। তাই এই সময়ের বেনজেমার চোট ফ্রান্সের জন্যও দুশ্চিন্তার কারণ।