২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় মরিনিয়োকে লাল কার্ড

প্রতি মৌসুমেই কয়েকবার করে লাল কার্ড পেতে দেখা যায় এই কোচকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 05:26 PM

Updated : 08 Jan 2024, 05:26 PM

নানা রকম কাণ্ড করে আলোচনায় না থাকলে যেন হয় না জোসে মরিনিয়োর। এবার রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড পেয়ে শিরোনামে রোমার এই কোচ।

সেরি আয় রোববার আতালান্তার বিপক্ষে ১-১ ড্র করে রোমা। শুরুতে পিছিয়ে পড়ার পর পাওলো দিবালার গোলে সমতায় ফেরে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোলটি করেন আর্জেন্টাইন এই ফুটবলার।

উত্তেজনায় ঠাসা ম্যাচটির দুই অর্ধে দুইবার হলুদ কার্ড দেখেন মরিনিয়ো। প্রথমার্ধের যোগ করা সময়ে রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করতে করতে ডাগআউট থেকে দৌড়ে টাচলাইনের কাছে চলে যান রোমা কোচ। তাকে নির্ধারিত জায়গায় ফিরে যেতে বলা হলেও তিনি সেটা না মানায় হলুদ কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফের মেজাজ হারিয়ে ফেলেন মরিনিয়ো। আবারও রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে চিৎকার করতে করতে হাঁটু চাপড়াতে থাকেন তিনি। যে কারণে তাকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড।

গত অক্টোবরেও একবার লাল কার্ড দেখেছিলেন মরিনিয়ো। তখন প্রতিপক্ষের কোচিং স্টাফদের লক্ষ্য করে কান্নার অঙ্গভঙ্গি করায় তাকে কার্ড দেখিয়েছিলেন রেফারি।

খ্যাপাটে চরিত্রের কোচ হিসেবে পরিচিত মরিনিয়ো রোমায় গত মৌসুমে তিনবার লাল কার্ড দেখেছিলেন।

সেরি আয় আগামী ১৪ জানুয়ারি এসি মিলানের মুখোমুখি হবে রোমা। লাল কার্ড দেখায় ওই ম্যাচে ডাগআউট থাকতে পারবেন না মরিনিয়ো।

এবারের লিগ মৌসুমে ভালো অবস্থায় নেই রোমা। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন অষ্টম। গত মৌসুমে ষষ্ঠ হয়েছিল তারা।