রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলনে রোনালদো
বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি না থাকা পর্তুগিজ মহাতারকা ফিটনেস ঠিক রাখতে মাঠে নেমে পড়লেন।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার তিন দিন পরই মাঠে নেমে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পুরনো ঠিকানা রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছেন পর্তুগিজ মহাতারকা।
বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই রোনালদোর। ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি। গত শনিবার শেষ আটে মরক্কোর কাছে হেরে শেষ হয়ে যায় তার ও পর্তুগালের বিশ্বকাপ অভিযান।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার প্রতিবেদন অনুযায়ী, ফিটনেস ঠিক রাখতে রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন রোনালদো। তার অনুরোধে সাড়া দেয় ইউরোপের সফলতম ক্লাবটি।
কার্লো আনচেলত্তির কোচিংয়ে রিয়ালের মূল দলের খেলোয়াড়রা যখন বুধবার অনুশীলন করছিল, খানিকটা দূরে অন্য মাঠে একা অনুশীলন করেন ৩৭ বছর বয়সী রোনালদো।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়ালের সঙ্গে রোনালদোর নতুন চুক্তির কোনো সম্ভাবনা নেই। মাদ্রিদের ক্লাবটিও এমন কোনো প্রস্তাব দেওয়ার কথা ভাবছে না।
রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ে নয়টি সফল মৌসুমে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জেতেন তিনি।
২০১৮ সালে রিয়ালে ছেড়ে তিনি পাড়ি জমান ইউভেন্তুসে। তিন বছর ইতালিয়ান ক্লাবটিতে কাটানোর পর গত বছরের অগাস্টে আরেক পুরনো ঠিকানা ম্যানচেস্টারে ইউনাইটেডে ফেরেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
ওল্ড ট্যাফোর্ডে দ্বিতীয় দফায় প্রথম মৌসুমটা ব্যক্তিগতভাবে তার ভালোই কাটে। তবে দ্বিতীয় মৌসুমের শুরু থেকে শুরু হয় টানাপোড়েন। শৃঙ্খলাভঙ্গের জন্য পেতে হয় শাস্তি। শুরুর একাদশে হারিয়ে ফেলেন জায়গা।
বিশ্বকাপ শুরুর আগে এক টিভি সাক্ষাৎকারে ইউনাইটেড, ক্লাবের মালিকপক্ষ এবং কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এর প্রেক্ষিতেই তার সঙ্গে চুক্তি বাতিল করে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
