Published : 25 Jul 2023, 06:22 PM
ম্যানচেস্টার ইউনাইটেডে প্রায় এক দশকের অধ্যায়ের ইতি টানলেন অ্যান্থনি এলাঙ্গা। পাঁচ বছরের চুক্তিতে আরেক ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দিলেন এই সুইডিশ ফরোয়ার্ড।
২১ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায় ফরেস্ট। ট্রান্সফার ফি নিয়ে কিছু বলা হয়নি। তবে বিবিসির খবর অনুযায়ী, এজন্য ১ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হচ্ছে ফরেস্টের।
১২ বছর বয়সে ২০১৪ সালে ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন এলাঙ্গা। ২০২১ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টারের ক্লাবটির জার্সিতে ৫৫ ম্যাচ খেলে তার গোল ৪টি।
ওল্ড ট্র্যাফোর্ডে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি তিনি। শুরুর একাদশে ছিলেন সাত ম্যাচে।