২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে ‘আল নাস্‌র-রোনালদো’ জুটি, মনে করেন কোচ

আল-তাওউনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করা এই তারকা ফরোয়ার্ডের দলের সঙ্গে বোঝাপড়া দারুণ বলে মনে করেন রুদি গার্সিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 04:01 PM

Updated : 18 Feb 2023, 04:29 PM

আগের ম্যাচের মতো আল-তাওউনের বিপক্ষেও দলের জয়ে অবদান রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকা এবার গোল করে নয়, করিয়ে। তবে রোনালদোর পারফরম্যান্সে সন্তুষ্ট রুদি গার্সিয়া। আল নাস্‌র কোচ মনে করেন, সতীর্থদের সঙ্গে এরই মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে এই ফরোয়ার্ডের। 

সৌদি আরবের প্রো লিগে গত শুক্রবারের ম্যাচে ২-১ গোলে জিতেছে আল নাস্‌র। শুরুর একাদশে থাকা রোনালদো দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন। 

আল নাস্‌রে যোগ দেওয়ার পর রোনালদোর শুরুটা আশানুরূপ ছিল না। প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন একটি। তবে গত ৯ ফেব্রুয়ারি আল ওয়েহদাকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে জ্বলে উঠেন পাঁচবারের ব্যালন দ'অর জয়ী এই ফুটবলার। সবকটি গোলই করেন তিনি। 

গোলের ধারাবাহিকতা ধরে না রাখতে পারলেও আল-তাওউনের বিপক্ষে ভালো খেলেন রোনালদো। বিশেষ করে ১৭তম মিনিটে দলীয় প্রথম গোলে নিজেদের অর্ধ থেকে আব্দুলরহমান ঘারিবকে দেওয়া তার ডিফেন্স চেরা পাসটি ছিল দর্শনীয়।

সব মিলিয়ে রোনালদোর খেলার ধরনে খুশি গার্সিয়া। ম্যাচের পর তিনি বলেন, নতুন সতীর্থদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়, যা দলের জন্য ইতিবাচক।

“রোনালদো তার সতীর্থদের সঙ্গে একতা ও সম্প্রীতির একটি দুর্দান্ত পর্যায়ে পৌঁছেছে। সময়ের সঙ্গে তার সতীর্থরা বুঝতে পেরেছে যে সে কী চায় এবং কখন সে গোল করবে। আমি মনে করি ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য (আল ওয়েহদা ম্যাচ) একটা ভালো রাত ছিল, কারণ সে চারটি গোল করেছিল।” 

১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্র। সমান পয়েন্টে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে আল শাবাব।