২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের কাছে হেরে লিভারপুল অধিনায়কের উপলব্ধি, ‘অনেক কাজ বাকি’

নতুন মৌসুম শুরুর আগে দলকে সম্ভাব্য সেরা অবস্থানে দেখতে চান ভার্জিল ফন ডাইক।

বায়ার্নের কাছে হেরে লিভারপুল অধিনায়কের উপলব্ধি, ‘অনেক কাজ বাকি’

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 05:23 PM

Updated : 03 Aug 2023, 05:26 PM

প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে ফলাফলের চেয়ে দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রস্তুতির বিষয়টি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর ভার্জিল ফন ডাইকের মনোযোগও তাই দলের উন্নতির দিকে। লিভারপুল অধিনায়ক ও অভিজ্ঞ এই ডিফেন্ডার মনে করেন, মূল মৌসুম শুরুর আগে এখনও অনেক কাজ করতে হবে তাদের। 

সিঙ্গাপুরে বুধবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নের কাছে ৪-৩ গোলে হেরে যায় লিভারপুল। 

কোডি হাকপো ও ফন ডাইকের গোলে ২৮ মিনিটের মধ্যে ২-০ তে এগিয়ে গিয়েছিল ইংলিশ দলটি। বিরতির আগেই বায়ার্নকে সমতায় ফেরান সের্গে জিনাব্রি ও লেরয় সানে। ৬৬তম মিনিটে ফের ইয়ুর্গেন ক্লপের দলকে লিড এনে দেন লুইস দিয়াস। 

এরপর ৮০তম মিনিটে ইয়োসিপ স্তানিসিচ ব্যবধান ৩-৩ করার পর যোগ করা সময়ে ফ্রান্স ক্রাজিগের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান চ্যাম্পিয়নরা। 

ম্যাচের পর লিভারপুল টিভিকে ফন ডাইক বলেন, হেরে গেলেও এই ম্যাচে তাদের অনেক ইতিবাচক দিক আছে। 

“আমরা অনেক ভালো কাজ করেছি এবং অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। তারা (বায়ার্ন মিউনিখ) খুব ভালো প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে যদি এক সেকেন্ডের জন্যও লড়াইয়ে না থাকেন, তাহলে এর চড়া মূল্য দিতে হবে। আজ সেটাই হয়েছে।” 

“(আমাদের) এখনও কাজ বাকি আছে এবং আমরা সেটাই করতে যাচ্ছি। আমরা শীর্ষ স্তরে খেলতে চাই এবং এমন দল ও খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। আমরা এখনও প্রাক-মৌসুমে আছি এবং আমাদের দলে বড় পরিবর্তন হয়েছে।” 

প্রাক-মৌসুমে চার ম্যাচে ১৫ গোল করা লিভারপুল হজম করেছে ১০টি। এখনও একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে আছে তারা। 

চলতি গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছেড়েছেন ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো, মিডফিল্ডার ফাবিনিয়ো, জর্ডান হেন্ডারসন, জেমস মিলনারসহ কয়েকজন।