২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি দলে ফিরলেন মেসি

লিগ ওয়ানে অঁজির বিপক্ষে ম্যাচে খেলতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 09:49 PM

Updated : 10 Jan 2023, 09:49 PM

বিশ্রাম শেষে পিএসজি দলে ফিরেছেন লিওনেল মেসি। লিগ ওয়ানে অঁজির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় অঁজির মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। আগের দিন ম্যাচটির জন্য পিএসজির দেওয়া ২০ সদস্যের দলে আছেন মেসি।

গত ডিসেম্বরে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। জিতে নেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

তারপর থেকে ছুটিতে ছিলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। গত বুধবার ক্লাবে ফিরে যোগ দেন অনুশীলনে। ফরাসি কাপে গত শুক্রবার তৃতীয় বিভাগের দল শাতোহুর বিপক্ষে তাকে বিশ্রামে রাখেন কোচ ক্রিস্তফ গালতিয়ে।

ছুটিতে থাকায় অঁজির বিপক্ষে ম্যাচের দলে নেই কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন নেইমার।

লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচে লঁসের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিতের দল। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।