২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ভুয়া কোভিড-১৯ টিকার সনদের জন‍্য ফাঁসলেন জাকা

এবারের আন্তর্জাতিক বিরতিতে কোনো ম‍্যাচ খেলতে পারবেন না সুইজারল‍্যান্ড অধিনায়ক।

ভুয়া কোভিড-১৯ টিকার সনদের জন‍্য ফাঁসলেন জাকা

সুইজারল‍্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 07:27 PM

Updated : 21 Sep 2026, 07:27 PM

কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করার পর, ক‍্যাম্প থেকে ছিটকে গেলেন সুইজারল‍্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। ফলে এবারের আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে কোনো ম‍্যাচে খেলতে পারবেন না তিনি।

সুইস ফুটবল অ‍্যাসোসিয়েশন (এসএফভি) সোমবার জানিয়েছে, জাকা এ ব‍্যাপারে একটি বিবৃতি দেওয়ার পর খেলোয়াড় ও এসএফভিরর নেতৃত্ব মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক মাধ‍্যমে এক পোস্টে ৩৩ বছর বছর বয়সী জাকা পুরো চিত্র পরিষ্কার করেন।

“অশান্ত মানসিক অবস্থায়, আমি সঠিক নিয়মে আমার মনের সন্দেহগুলো দূর করার পরিবর্তে একটি টিকার সনদ সংগ্রহ করেছিলাম। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি, কাজটা ঠিক হয়নি। এটা একটা ভুল ছিল। আমি দুঃখিত।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথা বলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল‍্যান্ডের হয়ে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। সুইজারল‍্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৫২ ম‍্যাচ খেলেছেন তিনি।

ভুল করার পর, জাকা এখন এর দায়িত্ব নিতে চাওয়ার আগ্রহ ভালো লেগেছে এসএফভির। তারা এই বিতর্ক পেছনে ফেলে নেশন্স লিগের আসন্ন চ‍্যালেঞ্জের দিকে মনোযোগ দিতে চায়।

উত্তর মেসিডোনিয়া ও স্কটল‍্যান্ডের মাঠে খেলবে সুইজারল‍্যান্ড এবং দেশের মাটিতে খেলবে স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। এসএফভি বলেছে, আন্তর্জাতিক উইন্ডোর পর জাকার পরিস্থিতি পুনর্মূল‍্যায়ন করবে তারা।