ব্রাজিল দলে ভিনিসিউসের বদলি রাফিনিয়া
কাতার বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চোটের যে ধরন, তাতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের আসছে ম্যাচগুলোতে ভিনিসিউস জুনিয়রের না খেলা অনেকটা নিশ্চিতই ছিল। আনুষ্ঠানিকভাবেও এবার রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে হারানোর খবর জানাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার জায়গায় ডাক পেলেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মঙ্গলবার বিষয়টি জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন।
গত শুক্রবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পেয়ে ১৮তম মিনিটে মাঠ ছাড়েন ভিনিসিউস। রয়টার্সের খবর অনুযায়ী, অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর তাদের প্রতিপক্ষ পেরু।
এই দুই ম্যাচের জন্য গত ১৮ অগাস্ট ঘোষিত দলে জায়গা পাননি রাফিনিয়া। তবে ভিনিসিউসের চোটে ফের জাতীয় দলের দরজা খুলে গেল তার জন্য।
কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন রাফিনিয়া। এরপর তিনি জায়গা পাননি তিনটি প্রীতি ম্যাচের দলে।
ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন রাফিনিয়া, গোল করেছেন ৫টি ও করিয়েছেন ৪টি।
