Published : 21 Nov 2022, 11:47 AM
অনেক ঝঞ্ঝা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া একুয়েডরের শুরুটা হলো দারুণ। কাতারকে হারিয়ে বিশ্ব মঞ্চে নিজের অভিষেকটাও রাঙালেন দলটির কোচ গুস্তাভো আলফারো। এমন পারফরম্যান্সের জন্য একুয়েডর ও কোচের প্রশংসা করলেন ব্রাজিলের কোচ তিতে।
আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারায় একুয়েডর। লাতিন আমেরিকার দলটির হয়ে প্রথমার্ধেই গোল দুটি করেন অধিনায়ক এনের ভালেন্সিয়া।
এবারের বিশ্ব মঞ্চে জায়গা পাওয়া নিয়ে একটা সময় শঙ্কায় ছিল একুয়েডর। বাছাই পর্বে বায়রন কাস্তিয়োকে খেলিয়ে বড় ধরনের ঝামেলায় পড়েছিল তারা।
১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোয় জন্ম কাস্তিয়োর; গত মে মাসে এমন তথ্য দেখিয়ে ‘অযোগ্য খেলোয়াড়’ খেলানোয় একুয়েডরকে বিশ্বকাপে বাতিল করার দাবি করেছিল চিলি। তবে ফিফা ও ক্রীড়ার সর্বোচ্চ আদালত চিলির আবেদন নাকচ করে দিলে স্বস্তি পায় একুয়েডর।
অন্য শাস্তি অবশ্য পেতে হয়েছে একুয়েডরকে। ‘মিথ্যা তথ্য সম্বলিত একটি নথি ব্যবহারের জন্য’ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুতে তাদের ৩ পয়েন্ট কাটা হবে। এছাড়া দেশটিকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করে দা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।
এতো কিছুর পরও অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জ্বলে উঠেছে একুয়েডর। তিতে কৃতিত্ব দিলেন কোচ আলফারোকে।
“আমরা ইতোমধ্যেই একুয়েডরের মান সম্পর্কে জানি। সে (গুস্তাভো) দারুণ একটি ম্যাচ খেলেছে। একুয়েডর চমৎকার একটি দল।”
আলফারো ও তিতের মধ্যে ভালো একটি সম্পর্ক রয়েছে। ২০২১ সালের কোপা আমেরিকার একুয়েডর ও ব্রাজিলের লড়াই ১-১ গোলে ড্র হয়। ম্যাচের পর তিতের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন আলফারো। সেখানে তাকে তিতের স্তুতি করতে শোনা যায়।
“…আপনি শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন, আমি আপনাকে যা বলেছি তা মনে রাখবেন। আপনি এই মর্যাদার যোগ্য।”
আগামী শুক্রবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে একুয়েডর।