০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ব্যালন দ’র এমবাপে জিতুক বা ইয়ামাল, খুশিই হবেন কুকুরেইয়া

রেয়াল মাদ্রিদের লেফট ব্যাক অবশ্য মজা করে বলছেন, সুযোগ থাকলে নিজেকেই ভোট দিতে তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 12:22 PM

Updated : 03 Oct 2026, 12:22 PM

‘সুযোগ থাকলে তো নিজেকেই ভোট দিতাম…”, মার্ক কুকুরেইয়া বললেন হাসিমুখে। তার বলার ধরনেই পরিষ্কার, ওটা ছিল স্রেফ মজা। তিনিও তো জানেন, এই লড়াইয়ের শীর্ষে আছেন তার দুই সতীর্থ। একজন তার ক্লাবের সঙ্গী, আরেকজন দেশের। রেয়াল মাদ্রিদের এই স্প্যানিশ লেফট ব্যাক বললেন, কিলিয়ান এমবাপে বা লামিন ইয়ামালের মধ্যে যে কোনোজন ব্যালন দ’র জিতলেই তিনি খুশি।

ব্যালন দ’র জয়ের সম্ভাবনায় এবার হ্যারি কেইনও আছেন প্রবলভাবেই। তবে আলোচনা বেশি এমবাপে ও ইয়ামালকে ঘিরেই। কুকুরেইয়ার কাছেও জিজ্ঞেস করা হলো এই দুজনকে নিয়েই। তিনি আলাদা করে বেছে নিলেন না কাউকে।

“ভোট দেওয়ার দায়িত্ব যদি আমার উপর থাকত, নিজেকেই ভোট দিতাম!

কিন্তু নাহ..., এই পুরস্কার জেতার জন্য এগিয়ে থাকা দুজনই আমার সতীর্থ। ওদের যে-ই জিতুক না কেন, আমি খুশি হব।”

স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পর নতুন মৌসুমে ক্লাব ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন কুকুরেইয়া। তবে রেয়াল মাদ্রিদে তার শুরুটা এখনও পর্যন্ত খুব সুখকর হয়নি। নতুন কোচ জুজে মরিনিয়োর কোচিংয়ে মৌসুমের শুরুটা প্রত্যাশিত করতে পারেনি স্পেনের সফলতম দলটি। লিগের সাত ম্যাচের দুটিতে হেরে এখন পয়েন্ট তালিকার চারে আছে তারা।

তবে কুকুরেইয়ার মতে, এখনই মরিনিয়োর রেয়াল মাদ্রিদকে নিয়ে প্রশ্ন তোলার সময় হয়নি।

“পুরো ব্যাপারটাই একটা প্রক্রিয়া। আমাদের জাতীয় দলের ক্ষেত্রে, একই কোচের তত্ত্বাবধানে ভিত্তি স্থাপন করে অনেক বছর ধরে এরকম হয়েছে। মাদ্রিদে আমরা নতুন একজন কোচের কোচিংয়ে সবে শুরু করেছি এবং এখনই কিছু বলার সময় আসেনি। কিছু ফুটবলার মৌসুম শুরুর আগে মাত্র এক সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে।

মৌসুমের শুরুটা আমাদের সবার প্রত্যাশা অনুযায়ী হয়নি, কিন্তু এটা একটা প্রক্রিয়া এবং মৌসুম শেষেই দেখতে পাব, আমরা কোথায় আছি।”

তার ক্লাব ও দেশের মতো একই চিত্র নিজের পারফরম্যান্সেও। স্পেনের বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল দারুণ। কিন্তু রেয়ালের হয়ে পারফরম্যান্স অধারাবাহিক। এখন স্পেনের জার্সি গায়ে চাপাতেই আবার তিনি ফিরেছেন চেনা রূপে। নেশন্স লিগের দুই ম্যাচে দুর্দান্ত খেলেছেন।

কুকুরেইয়া সেটি মেনে নিয়েই বলছেন, ক্লাবেও নিজেকে মেলে ধরতে আশাবাদী তিনি।

“এখনও ১০টি ম্যাচও হয়নি। অবশ্যই উন্নতির অনেক সুযোগ আছে। আমাদের বলতে গেলে কোনো প্রাক-মৌসুমই ছিল না, এটা আমার জন্য একটা নতুন ক্লাব।

আমাকে আমার নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে, যাতে জাতীয় দলের হয়ে আপনারা যে ফুটবলারকে দেখেন, রেয়াল মাদ্রিদের হয়েও সেই একই রূপে দেখা যায়।”

নেশন্স লিগে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ দুটি জয়ের পর শনিবার চেকিয়ার বিপক্ষে স্পেন।