১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউনাইটেডের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা নেই, বললেন নানি

এই পর্তুগিজ ফরোয়ার্ড মনে করেন, প্রতিভার ছড়াছড়ি থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলারদের মধ্যে হার না মানা মনোভাব দেখা যাচ্ছে না।

ইউনাইটেডের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা নেই, বললেন নানি

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড নানি (ডানে)। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 05:09 PM

Updated : 03 Nov 2023, 05:57 PM

মৌসুমের শুরু থেকেই ছন্দ খুঁজে ফিরছে দল। এবার টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে ভীষণ চাপের মুখে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে ম্যানচেস্টার ডার্বিতে তারা যেভাবে খেলেছে, তা নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। দলটির সাবেক ফরোয়ার্ড নানিও রীতিমতো ধুয়ে দিয়েছেন উত্তরসূরিদের। এই পর্তুগিজের মতে, এরিক টেন হাগের দলের মধ্যে লড়াকু মানসিকতাই নেই।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জিতে মৌসুম শুরুর ব্যর্থতা পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছিল ইউনাইটেড। কিন্তু এরপরই ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে উড়ে যায় তারা। পেপ গুয়ার্দিওলার দলের বিপক্ষে কোনোরকম লড়াই-ই করতে পারেনি তারা।

তাদের একইরকম ছন্নছাড়া চিত্র ছিল লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও। গত বুধবারের ওই ম্যাচেও ইউনাইটেড হেরে যায় ৩-০ গোলে।


চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে ৮টিতেই হারের তেতো স্বাদ পেয়েছে ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

১৯৬২ সালের পর মৌসুমে এটিই ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু।

ইউনাইটেডের জার্সিতে ৭ বছর খেলা নানিকে দলের এই অবস্থা ভীষণ পীড়া দিচ্ছে। পর্তুগিজ পডকাস্ট ‘ওয়ান পারা ওয়ান'-এ ৩৬ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, প্রতিভার কমতি না থাকলেও দলটির খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতা দেখা যাচ্ছে না।

“ম্যানচেস্টারের খেলা দেখলে দলে অনেক প্রতিভা দেখতে পাবেন, (বর্তমান দলে) সম্ভবত টেকনিকের দিক থেকে আমাদের সময়ের তুলনায় অনেক বেশি প্রতিভা আছে। কিন্তু ম্যাচে দলটির ফুটবলারদের মধ্যে হার না মানা মনোভাবের দেখা মেলে না, লড়াকু মানসিকতা চোখে পড়ে না। ম্যানচেস্টারে একজন সত্যিকারের খেলোয়াড়, একজন তারকাকে সুযোগ তৈরি করতে হবে; সেটা করতে না পারলে কাজ হবে না।”

“আমরা যখন ম্যানচেস্টার (ইউনাইটেডে) খেলতাম, তখন ক্লাবটিকে চেনার একটি বিষয় ছিল; ম্যাচের ১০-১৫ মিনিট বাকি থাকার সময় দল যদি ৩-০ গোলে পিছিয়ে থাকতো, তখন দেখা যেত মানসিক শক্তি বলতে আসলে কী বোঝায়।”

ঘুরে দাঁড়ানোর অভিযানে ইউনাইটেড আবার মাঠে নামবে শনিবার, প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে।