ফ্র্যাঞ্চাইজি হকিতে পদ্মা, চট্টগ্রামের জয়
টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পেল মোনার্ক পদ্মা।
হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারায় আছে মোনার্ক পদ্মা। জয়ে ফিরেছে আগের ম্যাচে হেরে আসা একমি চট্টগ্রাম।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার ওয়ালটন ঢাকাকে ২-০ গোলে হারায় পদ্মা। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল তারা।
শুরুর দুই কোয়ার্টারে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পদ্মা। চতুর্দশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর রাসেল মাহমুদ জিমিই ব্যবধান দ্বিগুণ করেন ২২তম মিনিটে।
দিনের অন্য ম্যাচে কুমিল্লাকে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম। আগের ম্যাচে পদ্মার কাছে হেরেছিল তারা।
সপ্তম মিনিটে হাসান যুবায়ের নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের ফরোয়ার্ড দেভিন্দর বালমিকি।
সোহানুর রহমান সবুজের গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় কুমিল্লা। কিন্তু ৪৩তম মিনিটে বালমিকির ফিল্ড গোলে ম্যাচ ফের চট্টগ্রামের দিকে ঝুঁকে পড়ে।
৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে তাসিন আলির পেনাল্টি গোলে নাটকীয়তা জাগায় কুমিল্লা। কিন্তু বাকি তিন মিনিটে আর গোলের দেখা পায়নি তারা।
