২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের জার্সি পরে বার্সার গ্যালারিতে বসতে মানা

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ম্যাচের অভিজ্ঞতায় এই সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 09:11 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

টিকেট বিক্রি ব্যবস্থায় পরিবর্তন এনেই ক্ষান্ত হয়নি বার্সেলোনা। কাম্প নউয়ে ইন্টার মিলানের সমর্থন যেন বাড়তে না পারে তার জন্য নতুন একটি উদ্যোগও নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। জানিয়ে দিয়েছে, ইতালিয়ান ক্লাবটির জার্সি পরে বসা যাবে না স্বাগতিক সমর্থকদের জন্য সংরক্ষিত কোনো আসনে।   

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ গত এপ্রিলের তিক্ত এক অভিজ্ঞতা। কাম্প নউয়ে ইউরোপা লিগের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমর্থক উপস্থিত ছিল প্রায় ৩০ হাজার। যেখানে তাদের জন্য বরাদ্দ ছিল মাত্র পাঁচ হাজার টিকেট! 

ওই কাণ্ডের পর টিকেট নীতিতে বদল আনে বার্সেলোনা কর্তৃপক্ষ। এরপরও যদি প্রতিপক্ষের কোনো সমর্থক টিকেট পেয়েই যান, তিনি যেন নিজ দলের জার্সি পরে মাঠে আসতে না পারেন, তা নিশ্চিত করতে এবার পদক্ষেপ নিল বার্সেলোনা। 

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে হারলে নক আউট পর্বে খেলার আশা প্রায় শেষ হয়ে যাবে কাতালান ক্লাবটির।   

‘সি’ গ্রুপের ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে মাঠে আসতে চাওয়া ফুটবলপ্রেমীদের কিছু নির্দেশনা দিয়েছে বার্সেলোনা। 

সাধারণত দুই দলের সমর্থকরা ভিন্ন ভিন্ন গ্যালারিতেই বসেন। বার্সেলোনার এবারের নির্দেশনা অনুযায়ী ‘হোম ফ্যান’ দের জন্য সংরক্ষিত আসনগুলোতে ইন্টার মিলানের জার্সি পরে কেউ বসতে পারবে না। 

ইন্টার সমর্থকদের জন্য বার্সেলোনা অফিসিয়ালি যতগুলো টিকেট বরাদ্দ রাখবে, ঠিক ততজনই মাঠে প্রবেশের সুযোগ পাবেন। তাই বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে টিকেট কিনলেও খুব একটা লাভ হচ্ছে না ইন্টার সমর্থকদের। 

যে ম্যাচের কারণে এত পরিবর্তন, এপ্রিলের সেই লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। যোগ করা সময়ে দুটি গোল শোধ করতে পারলেও লাভ হয়নি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে পা রাখে আইনট্রাখট। 

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস বলেছিলেন, দর্শক সমর্থনের এই ব্যাপারটি কিছুটা হলেও তাদের খেলায় প্রভাব রাখতে পারে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও বলেছিলেন, প্রতিপক্ষের এত সমর্থকের মাঠে আসার এই ঘটনায় তিনি বিব্রত ও লজ্জিত। প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবস্থা নেওয়ার। এরই পথ ধরে হলো আরেকটি পরিবর্তন।